আমরা যখন স্থানীয় বাজারের পর্যায়ে এই সহজ নীতি ও ব্যবস্থার কার্যপদ্ধতি বুঝতে পারি, তখন আমাদের জন্য এটা বোঝা সহজ হয়ে যায় যে, একই শোষণমূলক ব্যবস্থা বৈশ্বিক পর্যায়ে কীভাবে কাজ করে। বর্তমান যুগের সমগ্র আন্তর্জাতিক বাণিজ্যিক ও আর্থিক ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রচলিত সুদভিত্তিক নীতির ওপর প্রতিষ্ঠিত। যেভাবে কোনো গলির দোকানদার সময় অতিবাহিত হওয়ার বিনিময়ে ভাড়া আদায় করে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বৃহৎ উন্নত দেশগুলোও দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেওয়ার সময় কিংবা বাকিতে পণ্য সরবরাহ করার ক্ষেত্রে সুদের জাল বিস্তার করে।
পাশ্চাত্যের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার একটি মৌলিক নীতি হলো, যাকে ‘অর্থের সময়মূল্য’ (Time Value of Money) বলা হয়। এই তত্ত্ব অনুযায়ী, ভবিষ্যতের এক ডলারের তুলনায় বর্তমানের এক ডলারের মূল্য বেশি। এ কারণেই এই সুদভিত্তিক ব্যবস্থার দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অন্য কাউকে দীর্ঘ সময়ের জন্য অর্থ বা পণ্য ঋণ হিসেবে দেয়, তাহলে সে ওই বিলম্বের বিনিময়ে সুদ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়ের অধিকার রাখে।
এই বৈশ্বিক কার্যপদ্ধতি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে তেলের সাম্প্রতিক চুক্তিগুলোর উদাহরণ পেশ করতে পারি। অর্থনৈতিক পরিভাষায় একে ‘তেলের মূল্য বিলম্বে পরিশোধের সুবিধা’ (Deferred Oil Payment Facility) বলা হয়।
ধরা যাক, পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং শিল্পকারখানাগুলোর কার্যক্রম চালু রাখার জন্য পনেরো বছরে ছয় বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেলের প্রয়োজন। কিন্তু সরকারি কোষাগারে তাৎক্ষণিক মূল্য পরিশোধের মতো নগদ ডলার নেই।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় মূল্য যদি প্রতি ব্যারেল ১০০ ডলার হয়, তাহলে ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তান মোট ছয় কোটি (৬০,০০০,০০০) ব্যারেল তেল পাবে।
পাকিস্তান সৌদি আরবের কাছে আবেদন করে, ‘আমাদের এই ছয় কোটি ব্যারেল তেল বাকিতে সরবরাহ করুন, যাতে আমরা পনেরো বছর ধরে কিস্তিতে এর মূল মূল্য পরিশোধ করতে পারি।’
এখানে ইসলামী শরিয়তের পবিত্র নীতি অনুযায়ী, সৌদি আরবের জন্য পরিশোধের সময়সীমা বিবেচনায় নিয়ে এই ছয় কোটি ব্যারেল তেলের মোট মূল্য ছয় বিলিয়ন ডলারের পরিবর্তে উদাহরণস্বরূপ সাড়ে ছয় বিলিয়ন ডলার নির্ধারণ করা এবং শুরুতেই চূড়ান্ত মূল্য স্থির করে নেওয়া বৈধ। এ ক্ষেত্রে এটি একটি বৈধ বাণিজ্যিক লেনদেন, অর্থাৎ ‘বাইয়ে মুয়াজ্জাল’ (বাকিতে বিক্রয়) হিসেবে গণ্য হবে।
কিন্তু যেহেতু সমগ্র বৈশ্বিক ব্যবস্থা প্রচলিত আর্থিক ঋণের (Financial Loans) নীতির ওপর পরিচালিত হয়, তাই আন্তর্জাতিক সুদভিত্তিক চুক্তিগুলোতে এ ধরনের লেনদেন ভিন্ন ও শোষণমূলক পদ্ধতিতে সম্পন্ন হয়।
সৌদি আরবের আর্থিক তহবিল পাকিস্তানকে সেই ছয় কোটি ব্যারেল তেল বাজারের প্রকৃত মূল্য অনুযায়ী, অর্থাৎ প্রতি ব্যারেল ১০০ ডলার হিসাবে সরবরাহ করে। ঋণের কারণে তারা তেলের মূল দাম বাড়ায় না; বরং চুক্তিতে এই শর্ত যুক্ত করে,
‘আমরা আপনাকে ছয় বিলিয়ন ডলার মূল্যের তেল সরবরাহ করেছি। এখন এই ছয় বিলিয়ন ডলার পাকিস্তানের ওপর আমাদের আর্থিক ঋণে পরিণত হয়েছে।’
এখন যেহেতু আপনি পনেরো বছর ধরে এই ঋণ পরিশোধ করবেন, তাই ছয় বিলিয়ন ডলারের এই ঋণের ওপর প্রতিবছর ১.৫ শতাংশ হারে সুদ আরোপ করা হবে।
আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এই সুদকে বৈধতা দেওয়ার জন্য ‘ঝুঁকির ক্ষতিপূরণ’ (Risk Premium) পরিভাষাটি ব্যবহার করে। এর অর্থ হলো, দীর্ঘ সময়ের মধ্যে ঋণগ্রস্ত দেশটির দেউলিয়া হয়ে যাওয়া কিংবা তার মুদ্রার মূল্য কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই ঝুঁকির ক্ষতিপূরণ হিসেবেই সুদ আদায় করা হয়।
এবার আসুন, সুদের এই শর্তের কারণে সৃষ্ট ভয়াবহ অর্থনৈতিক পার্থক্যটি একটি সহজ গাণিতিক সূত্রের মাধ্যমে বুঝে নিই।
পাকিস্তানের যদি নগদ অর্থ দিয়ে তেল কেনার সামর্থ্য থাকত এবং তারা নগদ ডলার পরিশোধ করে এই ছয় কোটি ব্যারেল তেল কিনত, তাহলে সৌদি আরবকে শুধু তেলের প্রকৃত মূল্য, অর্থাৎ ছয় বিলিয়ন ডলারই পরিশোধ করতে হতো। এরপর লেনদেনের ইতি ঘটত।
কিন্তু সুদভিত্তিক আর্থিক সহায়তার এই পদ্ধতিতে লেনদেনটি যেহেতু সুদভিত্তিক ঋণের ওপর প্রতিষ্ঠিত, তাই পাকিস্তানকে পনেরো বছর ধরে তেলের মূল মূল্য অর্থাৎ ছয় বিলিয়ন ডলার তো পরিশোধ করতেই হবে। এর পাশাপাশি প্রতিবছর ১.৫ শতাংশ সুদ বাবদ আরও নয় কোটি ডলার আলাদাভাবে দিতে হবে।
পনেরো বছরে এই বার্ষিক সুদ ক্রমাগত জমা হতে হতে এর মোট পরিমাণ দাঁড়াবে এক বিলিয়ন ৩৫ কোটি ডলারে।
ফলে সুদভিত্তিক ব্যবস্থার মাধ্যমে বাকিতে তেল কেনার কারণে পাকিস্তান ছয় বিলিয়ন ডলারের তেলের বিপরীতে মোট সাত বিলিয়ন ৩৫ কোটি ডলার পরিশোধ করবে।
এই অতিরিক্ত এক বিলিয়ন ৩৫ কোটি ডলার তেলের মূল্যের কোনো অংশ নয়; বরং এটি কেবল ‘ঋণের মেয়াদের মূল্য’ (Cost of Time), যা আন্তর্জাতিক ব্যাংকিংয়ের সুদভিত্তিক বিধিবিধানের অধীনে পাকিস্তানের গলায় ভারী শিকলের মতো পরিয়ে দেওয়া হয়। এভাবেই কোনো পণ্য ব্যবসায়ীর হাত থেকে বেরিয়ে যাওয়ার পর সুদভিত্তিক ঋণে রূপান্তরিত হয় এবং পরবর্তী সময়ে ঋণগ্রস্ত দেশের অর্থনীতির রক্ত শুষে নিতে থাকে।
অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যে কোনো দেশই নগদ অর্থ কিংবা বাকিতে পণ্য লেনদেনের সব কার্যক্রম এককভাবে সম্পন্ন করে না। বরং এই পুরো প্রক্রিয়ায় বিশ্বের বড় বড় আন্তর্জাতিক ব্যাংক এবং ঋণ গ্রহণের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার মান নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোও (Credit Rating Agencies) যুক্ত থাকে।
কোনো দেশ যখন বিদেশ থেকে বাকিতে পণ্য আমদানি করে, তখন তাকে নিজ দেশের কোনো ব্যাংকের মাধ্যমে ঋণপত্র বা ‘এলসি’ (Letter of Credit – LC) খুলতে হয়।
এসব ব্যাংকের মধ্যে আর্থিক সহায়তার জন্য যে খরচ এবং বিলম্বের কারণে যে জরিমানার অর্থ চুক্তিতে নির্ধারণ করা হয়, সেগুলো আন্তর্জাতিক সুদভিত্তিক সূচকের সঙ্গে সংযুক্ত থাকে।
এর অর্থ হলো, ঋণগ্রস্ত দেশটি নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আর্থিক বিধিবিধান অনুযায়ী তার ওপর বিপুল পরিমাণ জরিমানা আরোপ করা হয়। এগুলো আরও সুদের ওপর সুদ আদায়েরই একটি পদ্ধতিতে পরিণত হয়।
এটাই সেই বৈশ্বিক আর্থিক কাঠামো, যা বিশ্বের সব উন্নয়নশীল দেশকে নিজের জালে আটকে রেখেছে। কোনো দেশ যত চেষ্টাই করুক না কেন, সহজে এই ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারে না। কারণ, বৈশ্বিক বাজারে প্রবেশের পথগুলোও এই সুদভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর করিডোরের মধ্য দিয়েই অতিক্রম করে।




















