সালাফি আলেমদের বাইআত, ইসলামী ইমারাতের আলেম ও দায়িত্বশীলদের শাহাদাত এবং ধর্মীয় মতপার্থক্যের অপব্যবহার
আফগানিস্তানে ইসলামী ইমারাতের সঙ্গে বিভিন্ন ধর্মীয় মতাদর্শের সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ ছড়ানো হয়, সেগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এসব অভিযোগে প্রায়ই এমন ঐতিহাসিক ঘটনা ও প্রমাণ উপেক্ষা করা হয়, যেগুলো পারস্পরিক সহযোগিতা, সমঝোতা ও রাজনৈতিক আস্থার পরিচয় বহন করে। বিশেষত সালাফি আলেমদের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ককে কোনো কোনো মহল এমনভাবে উপস্থাপন করে, যেন উভয় পক্ষ একে অপরের চিরশত্রু এবং তাদের মধ্যে কখনো কোনো ধরনের সহযোগিতা বা ঐকমত্য সম্ভব ছিল না। আমার দৃষ্টিতে, এই সাধারণ ধারণা ঐতিহাসিক বাস্তবতার পূর্ণাঙ্গ প্রতিফলন নয়। কারণ, এ সম্পর্কের ইতিহাসে বাইআত, সাক্ষাৎ, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগের একাধিক ঘটনা রয়েছে।
২০২০ সালের মার্চ মাসে শাইখ আবদুল আজিজ নূরিস্তানির নেতৃত্বে আফগান সালাফি আলেমদের একটি প্রতিনিধিদল ইসলামী ইমারাতের প্রতি বাইআত ও আনুগত্য প্রকাশ করে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই সমাবেশে ৩২ জন প্রভাবশালী সালাফি আলেম ও কমান্ডার অংশগ্রহণ করেছিলেন। এটি নিছক কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না। বরং এর মাধ্যমে প্রতীয়মান হয় যে, ইসলামী ইমারাতের প্রতি সমর্থন কেবল হানাফি বা দেওবন্দি ধর্মীয় মহলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং প্রভাবশালী সালাফি আলেমদের একটি অংশও এর সঙ্গে সহযোগিতা ও সম্পৃক্ততা প্রকাশ করেছিল।
পরবর্তী সময়ে ২০২১ সালের আগস্টে ইসলামী ইমারাত পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পরও সালাফি আলেমদের প্রতিনিধিদল ও ইমারাতের নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, ধর্মীয় কার্যক্রম, শান্তি ও নিরাপত্তা এবং অন্যান্য সামষ্টিক বিষয় নিয়ে আলোচনা হয়। এসব ঘটনার উপস্থিতিতে আফগানিস্তানের সব সালাফি আলেম ইসলামী ইমারাতের বিরোধী, এমন দাবি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। প্রকৃত সত্য হলো, ইসলামী ইমারাত ও সালাফি আলেমদের মধ্যে সহযোগিতা ও সমঝোতার একটি উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে, যা কেবল মতাদর্শিক শত্রুতার বয়ান দিয়ে মুছে ফেলা যায় না।
এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, কোনো ধর্মীয় মতাদর্শের সব অনুসারীকে একই রাজনৈতিক বা সামষ্টিক অবস্থানের অধিকারী মনে করা সঠিক নয়। আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ অনুসারীদের মতামত এবং অগ্রাধিকারের মধ্যে পার্থক্য থাকতে পারে। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডের দায় পুরো মতাদর্শের ওপর চাপিয়ে না দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এই নীতির ভিত্তিতেই সালাফি আলেমদের সেই প্রতিনিধিদল ও ব্যক্তিত্বদেরও উপেক্ষা করা যায় না, যারা ইসলামী ইমারাতের সঙ্গে সহযোগিতা ও বাইআতের পথ অবলম্বন করেছিলেন।
ইসলামী ইতিহাসে ফিকহি মতপার্থক্য নতুন কোনো বিষয় নয়। চার ইমামের মধ্যে অসংখ্য শাখাগত মাসআলায় মতপার্থক্য ছিল। কিন্তু এসব মতপার্থক্য উম্মাহর মধ্যে ইলমি গবেষণা, দলিল-প্রমাণ উপস্থাপন ও ইজতিহাদের ধারাকে সমৃদ্ধ করেছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহর ইলমি পদ্ধতিতে পার্থক্য থাকা সত্ত্বেও তাঁদের ফিকহি অবদান উম্মাহর অভিন্ন ইলমি ঐতিহ্যের অংশ। সুতরাং ফিকহি মতপার্থক্যকে পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ কিংবা একে অপরকে কাফির আখ্যায়িত করার মাধ্যম বানানো ইসলামী ইলমি ঐতিহ্যের স্বভাব ও মূলনীতির পরিপন্থী।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ﴾
(সুরা হুজুরাত, ১০)
অনুবাদ: “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব, তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়।”
কুরআনের এই নির্দেশনা মুসলমানদের পারস্পরিক মতপার্থক্য থাকা সত্ত্বেও সংশোধন, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের পথ অবলম্বন করার শিক্ষা দেয়। তাই কোনো মুসলমানকে শুধু এ কারণে সন্দেহভাজন, শত্রু কিংবা অবিশ্বাসযোগ্য মনে করা সঠিক নয় যে, তিনি ভিন্ন কোনো ফিকহি মতাদর্শের অনুসারী। মতামত ও মাজহাবের পার্থক্যকে শত্রুতায় রূপান্তরিত না করে পারস্পরিক সম্মান ও ইনসাফের সঙ্গে আচরণ করা জরুরি।
ইসলামী ইমারাতের আলেম ও দায়িত্বশীলরা দাঈশের লক্ষ্যবস্তু
এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, দাঈশ খোরাসান তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে শুধু সালাফি আলেমদেরই লক্ষ্যবস্তু বানায়নি; বরং ইসলামী ইমারাতের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও সরকারি দায়িত্বশীলরাও তাদের সন্ত্রাসের শিকার হয়েছেন। শাইখ রহিমুল্লাহ হক্কানি ২০২২ সালের ১১ আগস্ট কাবুলে এক আত্মঘাতী হামলায় শাহাদাতবরণ করেন। মাওলভি মুজিবুর রহমান আনসারি ২০২২ সালের ২ সেপ্টেম্বর হেরাতের জামে মসজিদ গাজরগাহে আত্মঘাতী হামলার শিকার হন। বলখের গভর্নর মাওলভি মুহাম্মদ দাউদ মুজাম্মিল ২০২৩ সালের ৯ মার্চ মাজারে শরিফে, বাদাখশানের উপগভর্নর মাওলভি নিসার আহমদ আহমদি ২০২৩ সালের ৬ জুন ফয়জাবাদে এবং শরণার্থীবিষয়ক মন্ত্রী হাজি খলিলুর রহমান হক্কানি ২০২৪ সালের ১১ ডিসেম্বর কাবুলে দাঈশের হামলায় শাহাদাতবরণ করেন। এসব হামলার দায় দাঈশ স্বীকার করেছে।
এসব ঘটনা স্পষ্ট করে যে, দাঈশের সন্ত্রাসবাদ কোনো একটি ফিকহি মতাদর্শ বা মাজহাবভিত্তিক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বিভিন্ন মতাদর্শের অনুসারী আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও সরকারি দায়িত্বশীলরা তাদের হামলার শিকার হয়েছেন। দাঈশ এমন ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু বানিয়েছে, যারা তাদের মতাদর্শ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করতেন। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে, দাঈশের শত্রুতার পরিধি কোনো একটি মাজহাবের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তাদের স্বঘোষিত আদর্শিক মানদণ্ড তাদের প্রত্যেক বিরোধীকে আক্রমণের বৈধতা দেওয়ার অজুহাত হিসেবে কাজ করে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللّٰهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا﴾
(সুরা বাকারা, ১১৪)
অনুবাদ: “তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহর মসজিদগুলোতে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা করে?”
মসজিদ ও ইবাদতকারীদের লক্ষ্যবস্তু বানানোও এই জুলুমের একটি ভয়াবহ রূপ। ইবাদতখানায় হামলা এবং সেখানে উপস্থিত নিরপরাধ মুসল্লিদের হত্যা করা শুধু মানুষের জীবনের ওপর জুলুম নয়, বরং ধর্মীয় নিদর্শনগুলোর মর্যাদারও পরিপন্থী।
আহলে শিয়াদের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক
আফগানিস্তানে আহলে শিয়াদের অন্তর্ভুক্ত নাগরিকরাও দেশটির সামাজিক ও ধর্মীয় কাঠামোর অংশ। ইসলামী ইমারাত পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আহলে শিয়াদের ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা নতুন সরকারের দায়িত্বশীলদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং প্রশাসনিক বিষয়গুলোতে যোগাযোগ বজায় রেখেছেন।
অন্যদিকে, দাঈশ খোরাসান আফগানিস্তানে শিয়াদের ইবাদতখানা ও সাধারণ জনগণকেও রক্তক্ষয়ী হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ২০২১ সালের ১৫ অক্টোবর কান্দাহারের ফাতেমিয়া মসজিদে সংঘটিত আত্মঘাতী হামলা এর একটি মর্মান্তিক উদাহরণ। ওই হামলায় পঞ্চাশেরও বেশি মানুষ প্রাণ হারান। এ ঘটনা স্পষ্ট করে যে, দাঈশের সন্ত্রাসবাদ কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তাদের হামলায় বিভিন্ন মতাদর্শের সাধারণ নাগরিক ও ইবাদতকারীরাও আক্রান্ত হয়েছেন।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,
﴿وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ﴾
(সুরা মায়িদা, ৮)
অনুবাদ: “কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ন্যায়বিচার না করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার করো। এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।”
এই আয়াতের দাবি অত্যন্ত স্পষ্ট। মতপার্থক্য কিংবা বিরোধিতা কারও প্রতি অন্যায় করার বৈধতা দিতে পারে না। যেকোনো ধর্মীয় বা মাজহাবভিত্তিক গোষ্ঠীর সঙ্গে আচরণের ক্ষেত্রে সব অবস্থায় ন্যায়বিচারের নীতিমালা অনুসরণ করা জরুরি।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জমি ও সরকারি ভূমির বিষয়টি
আফগানিস্তানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান, মাদরাসা ও অন্যান্য ভবন সরকারি নিয়ন্ত্রণে নেওয়া কিংবা সেগুলোর মালিকানা-সংক্রান্ত বিরোধকেও মাজহাবি মতপার্থক্যের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে একটি মৌলিক পার্থক্য বোঝা জরুরি। কোনো জমি যদি সরকারি মালিকানাধীন হয় এবং পূর্ববর্তী সরকারের কোনো কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে তা অবৈধভাবে কোনো ব্যক্তি, সংগঠন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে থাকেন, তাহলে নীতিগতভাবে সেই জমি ফিরিয়ে নেওয়া একটি আইনি ও প্রশাসনিক বিষয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি কোনো নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শের অনুসারীদের হওয়ায় একে কেবল মাজহাবি শত্রুতা বলা যায় না।
আফগানিস্তানে পূর্ববর্তী সরকারগুলোর আমলে সরকারি জমিতে অবৈধ দখল, বেআইনি বন্দোবস্ত এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সরকারি সম্পত্তি হস্তান্তরের মতো সমস্যা বিদ্যমান ছিল। তাই সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপগুলোকে সেগুলোর আইনি প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত।
একইভাবে, কোনো প্রতিষ্ঠানের মালিকানা শরিয়াহ ও আইন অনুযায়ী প্রমাণিত হলে তা সংরক্ষণ করাও অপরিহার্য। কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা বিশেষ কোনো মাজহাবের সঙ্গে সংশ্লিষ্ট, শুধু এই কারণে তার মালিকানাকে সন্দেহজনক আখ্যা দেওয়া যায় না। আবার সরকারি জমিতে অবৈধ দখলকেও শুধু এ কারণে বৈধ মনে করা যায় না যে, সেখানে কোনো দ্বীনি বা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উভয় ক্ষেত্রেই মালিকানার প্রমাণ, আইনি অবস্থান ও শরয়ি নীতিমালাই হওয়া উচিত মূল মানদণ্ড।
ইসলামী শরিয়তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধ মালিকানা অন্যায়ভাবে কেড়ে নেওয়ার অনুমতি নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
«مَنِ اقْتَطَعَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْمًا، طَوَّقَهُ اللّٰهُ إِيَّاهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ»
(সহিহ বুখারি, ২৪৫৩; সহিহ মুসলিম, ১৬১২)
অনুবাদ: “যে ব্যক্তি জুলুম করে এক বিঘত পরিমাণ জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত জমিনের সমপরিমাণ তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেবেন।”
এই হাদিস জমি অবৈধভাবে দখল করার ভয়াবহতা স্পষ্ট করে। এই নীতির আলোকে সরকারি জমিতে অবৈধ দখল যেমন শাস্তিযোগ্য, তেমনি কোনো ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধ মালিকানা অন্যায়ভাবে কেড়ে নেওয়াও অপরাধ। অতএব, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি প্রকৃতপক্ষে সরকারি জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
রাষ্ট্রীয় শৃঙ্খলা, ধর্মীয় বৈচিত্র্য ও ন্যায়বিচারের দাবি
আফগানিস্তানে স্থায়ী শান্তি ও ধর্মীয় সম্প্রীতি তখনই সুদৃঢ় হতে পারে, যখন সব শান্তিপ্রিয় নাগরিকের এই আস্থা থাকবে যে, তাদের জানমাল ও বৈধ ধর্মীয় কার্যক্রমের সুরক্ষা তাদের ফিকহি বা ধর্মীয় পরিচয়ের ওপর নির্ভরশীল নয়। কোনো সরকারের ধর্মীয় নীতিকে শুধু তার বিচারব্যবস্থার ফিকহি ভিত্তি দিয়ে মূল্যায়ন করা যথেষ্ট নয়। বরং বিভিন্ন মতাদর্শের অনুসারী নাগরিকদের সঙ্গে বাস্তবে কেমন আচরণ করা হচ্ছে এবং তাদের বৈধ অধিকার কতটুকু সংরক্ষিত হচ্ছে, সেটিও বিবেচনা করতে হবে।
এসব ঘটনা ও প্রমাণ থেকে প্রতীয়মান হয় যে, দাঈশের সন্ত্রাসবাদকে কোনো একটি মাজহাব বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করে দেখা সঠিক নয়। কারণ, তাদের হামলায় বিভিন্ন মতাদর্শের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মুসলমানরা আক্রান্ত হয়েছেন। একইভাবে, সালাফি আলেমদের বাইআত, আহলে শিয়াদের সঙ্গে সরকারের যোগাযোগ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মালিকানা-সংক্রান্ত আইনি বিরোধকেও একই দৃষ্টিকোণ থেকে বিচার করা সঠিক নয়। প্রতিটি ঘটনার নিজস্ব প্রেক্ষাপট, প্রকৃতি ও প্রমাণ রয়েছে। সেসবের আলোকে যথাযথভাবে যাচাই করেই ন্যায়সংগত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব।
সুতরাং দাঈশের অপরাধের দায় কোনো একটি মাজহাবের ওপর চাপিয়ে দেওয়া কিংবা প্রতিটি মতপার্থক্য ও অভিযোগকে যাচাই-বাছাই ছাড়াই মাজহাবি জুলুম হিসেবে আখ্যায়িত করা, উভয়ই ইলমি ও শরয়ি ইনসাফের পরিপন্থী। সঠিক পদ্ধতি হলো, যেখানে জুলুম প্রমাণিত হবে, সেখানে তা স্বীকার করতে হবে। আর যেখানে অভিযোগ ভিত্তিহীন, সেখানে প্রমাণের ভিত্তিতে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। এই নীতিই ধর্মীয় মতপার্থক্যকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হওয়া থেকে রক্ষা করে এবং প্রতিটি পক্ষের প্রতি ন্যায়বিচার করতে সহায়তা করে।





















