সমাজের দিকনির্দেশনা ও সংস্কারে সম্মানিত আলেমদের অবস্থান সম্পর্কে আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ)-এর সুপারিশ
কোনো সমাজের সংস্কার ও উন্নতি কেবল প্রণীত আইন এবং নির্বাহী সংস্থার ওপর নির্ভর করে না। এর জন্য মানুষের সঠিক উপলব্ধি, প্রশিক্ষণ এবং চিন্তাগত ও নৈতিক দিকনির্দেশনাও প্রয়োজন। ইসলামী সমাজে সম্মানিত আলেমদের বিশেষ মর্যাদা রয়েছে। কারণ, ধর্মীয় জ্ঞান-বিজ্ঞানে তাঁদের গভীর পাণ্ডিত্য রয়েছে এবং মানুষের বিশ্বাস, চিন্তাভাবনা ও আচার-আচরণে তাঁদের প্রভাব রয়েছে। এ কারণেই আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ) তাঁর বিভিন্ন বক্তব্যে আলেমদের মর্যাদা এবং দ্বীন সংরক্ষণ ও সমাজ সংস্কারে তাঁদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেছেন।
কান্দাহারে মাদরাসার শিক্ষক ও কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আল্লাহ তাআলা তাঁর সৃষ্টির মধ্যে সম্মানিত আলেমদের উচ্চ মর্যাদা, সম্মান ও স্বাতন্ত্র্য দান করেছেন। নবীগণের (আলাইহিমুস সালাম) পর দ্বীন সংরক্ষণের দায়িত্ব তাঁদের ওপর অর্পণ করেছেন।” এ বক্তব্য থেকে স্পষ্ট হয়, আলেমদের মর্যাদা কেবল জ্ঞানগত ও সামাজিক কোনো বিশেষ অধিকার নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। আর এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজন ইলম, তাকওয়া, সততা ও দায়িত্ববোধ।
আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ)-এর বক্তব্যে আলেমদের দায়িত্বের সামাজিক দিকটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তিনি বলেছেন, “ইসলামী আলেমদের দায়িত্ব কেবল ব্যক্তিগত ইবাদত-বন্দেগি পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নবীগণের (আলাইহিমুস সালাম) পর সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করাও তাঁদের কর্তব্য। দ্বীনি আলেমদের উচিত উম্মাহর সামাজিক ও রাজনৈতিক বিষয়াদির দায়িত্ব গ্রহণ করা, জিহাদ করা, শরিয়াহ বাস্তবায়ন করা, মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া এবং তাদের পারস্পরিক বিরোধ নিষ্পত্তি করা।”
এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এখানে একজন দ্বীনি আলেমের দায়িত্বকে ব্যক্তিগত পর্যায়ের মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়ার গণ্ডি ছাড়িয়ে সমাজজীবনের সমস্যা ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। ধর্মীয় বিভিন্ন প্রশ্নের পাশাপাশি মানুষ পারিবারিক বিরোধ, সামাজিক সমস্যা ও চিন্তাগত নানা চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়। আলেমগণ তাঁদের জ্ঞান ও সুচিন্তিত দিকনির্দেশনার মাধ্যমে এসব সমস্যা সমাধানে এবং মানুষের পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ জন্য একজন দ্বীনি আলেমের সমাজের বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা থাকা এবং মানুষের প্রয়োজন পূরণে নিজের জ্ঞানকে কাজে লাগানো জরুরি।
আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ) দ্বীনি আলেম ও সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তাঁর মতে, আলেমগণ মানুষকে দ্বীনের বিধিবিধান বুঝিয়ে দেবেন এবং শরিয়াহ শিক্ষা দেবেন। অন্যদিকে সরকারি কর্মকর্তারা নির্বাহী কার্যক্রম পরিচালনা করবেন। এ দৃষ্টিভঙ্গি ইলম ও তার বাস্তব প্রয়োগের মধ্যকার সম্পর্ককে স্পষ্ট করে। কারণ, দ্বীনি দিকনির্দেশনার সঙ্গে যখন সঠিক ও দায়িত্বশীল কর্মতৎপরতার সমন্বয় ঘটে, তখন তার প্রভাব আরও ব্যাপক হয়।
একইভাবে নির্বাহী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও নির্ভরযোগ্য আলেমদের পরামর্শ ও শরয়ি দিকনির্দেশনা গ্রহণ করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, প্রত্যেক পক্ষের নিজ নিজ দায়িত্বসীমা মেনে চলা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে এ সহযোগিতা প্রতিষ্ঠিত হলে তা অত্যন্ত ফলপ্রসূ হয়। সরকারি কর্মকর্তাদের উপদেশ দেওয়া এবং তাঁদের কাছে নিজেদের ইলমি ও শরয়ি দিকনির্দেশনা তুলে ধরাও আলেমদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
দ্বীন সংরক্ষণ এবং চিন্তাগত চ্যালেঞ্জের জবাব দেওয়াও আলেমদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেবল পুরোনো তথ্যের পুনরাবৃত্তি করে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দ্বীনি উৎসসমূহ সম্পর্কে সঠিক জ্ঞান, বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণের যোগ্যতা এবং যুক্তিনির্ভর জবাব প্রদানের সক্ষমতা। বর্তমান সমাজে নানা মতবাদ ও প্রশ্নের উদ্ভব হচ্ছে। তাই দ্বীনি জ্ঞানের পাশাপাশি আলেমদের নিজ সময়ের পরিস্থিতি এবং মানুষের চিন্তাগত প্রয়োজন সম্পর্কেও অবগত থাকতে হবে, যাতে সুস্পষ্ট ব্যাখ্যা ও নির্ভরযোগ্য দলিলের মাধ্যমে ইসলামী আকিদার সুরক্ষা নিশ্চিত করা যায়।
পরবর্তী প্রজন্মকে গড়ে তোলাও এ দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ) মাদরাসার শিক্ষকদের আকিদা শিক্ষাদান, শিক্ষার্থীদের চিন্তাধারা গঠন এবং তাদের বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো স্নেহ ও যত্নের সঙ্গে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। কারণ, ভবিষ্যতে তারাই সমাজ ও রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হবে। এ থেকে প্রতীয়মান হয়, দ্বীনি শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য সরবরাহ কিংবা পাঠ্যবইয়ের পাঠ সমাপ্ত করা নয়; বরং সচেতন, সুশীল ও দায়িত্বশীল একটি প্রজন্ম গড়ে তোলাও এর অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। একজন শিক্ষকের ব্যক্তিত্ব ও শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের চরিত্র গঠনে তাঁর পাঠদানের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একই সঙ্গে শরিয়াহর বিধান প্রদানের ক্ষেত্রে আলেমদের স্বাধীনতার ওপর আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ)-এর গুরুত্বারোপও দ্বীনি কর্তৃত্বের গ্রহণযোগ্যতা বজায় রাখার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইফতা ও কাজা বিভাগের স্নাতকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,
“পূর্ণ সাহসিকতার সঙ্গে শরিয়াহর বিধান প্রদান করবেন। কাউকে আপনাদের ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না, এমনকি আমাকেও নয়।”
এ বক্তব্য থেকে স্পষ্ট হয়, ফতোয়া প্রদান করতে হবে নির্ভরযোগ্য শরয়ি দলিল ও ইলমি বিচার-বিশ্লেষণের ভিত্তিতে। কোনো ব্যক্তির চাহিদা কিংবা শাসকের চাপের মুখে পড়ে ফতোয়া দেওয়া উচিত নয়। আলেমদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রধান ভিত্তি হলো তাঁদের সততা ও আমানতদারি।
ক্ষতিকর প্রথা ও সামাজিক অনাচার প্রতিরোধ করাও আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ) তাঁর বক্তব্যে আলেমদের যেসব দায়িত্বের কথা তুলে ধরেছেন, তার অন্যতম। শরিয়াহর বিধান ও সমাজের সাংস্কৃতিক বাস্তবতা উভয় সম্পর্কে সম্যক ধারণা রেখে আলেমদের উচিত ভুল প্রথা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং প্রজ্ঞার সঙ্গে সেগুলো সংশোধনের চেষ্টা করা। কেবল শরিয়াহর বিধান ঘোষণা করাই যথেষ্ট নয়; বরং খোলামেলা আলোচনা, আন্তরিক উপদেশ এবং অসৎ আচরণের পরিণতি ব্যাখ্যা করাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলেমদের অবস্থান কেবল তাঁদের ইলমি ও দ্বীনি মর্যাদার ভিত্তিতে নয়, বরং জনজীবনে তাঁদের বাস্তব প্রভাবের মাধ্যমেও মূল্যায়ন করা উচিত। দ্বীন সংরক্ষণ, পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলা, শরিয়াহর বিধান প্রদানের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখা এবং সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা, এসবই তাঁদের এ অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব। আলেমদের জ্ঞান যখন সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে সমন্বিত হয় এবং তার প্রভাব মানুষের উপলব্ধি, আচার-আচরণ ও দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, তখন তাঁরাই উম্মাহর পথ আলোকিতকারী মশাল হয়ে উঠতে পারেন।





















