ঈমানের পর কোনো ধর্মীয় দল, আন্দোলন, সংগঠন বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর জন্য মানুষকে নিজের চিন্তাভাবনা, সময় ও অর্থ ব্যয় করতে হয়। কখনো কখনো এর জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়। এ কারণে আমরা কেন কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘কেন’-এর পেছনে আমাদের সুদৃঢ় ও যৌক্তিক ভিত্তি থাকা প্রয়োজন।
মানুষ স্বভাবগতভাবেই ব্যক্তিত্বের প্রভাবে প্রভাবিত হয়। কোনো প্রভাবশালী বক্তা, সাহসী মুজাহিদ কিংবা পরহেজগার ও আল্লাহভীরু নেতা মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। কখনো কখনো ভালোবাসা ও আবেগের আতিশয্যে আমরা সেই ব্যক্তিত্বকে সব ধরনের ভুল ও পাপ থেকে মুক্ত মনে করতে শুরু করি। এমন অন্ধ অনুসারীতে পরিণত হই যে, তাঁর বিরুদ্ধে সামান্য কথাও সহ্য করতে পারি না। অথচ ইসলাম ব্যক্তিপূজা নিষিদ্ধ করেছে এবং সত্য ও নীতিমালার অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে।
আদর্শভিত্তিক সম্পৃক্ততার সুফল হলো, প্রকৃত আদর্শ কখনো পরিবর্তিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, কোরআন-সুন্নাহর মূলনীতি, ন্যায়বিচার, জিহাদ, দাওয়াত ও শরিয়াহর বাস্তবায়ন এমন কিছু মূল্যবোধ, যা গতকালও সত্য ছিল, আজও সত্য। যে ব্যক্তি এসব মূলনীতির ওপর অবিচল থাকে, সে সত্যের পক্ষে। আর যে ব্যক্তি এসব থেকে বিচ্যুত হয়, সে মিথ্যার পক্ষে, তার ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন। আমাদের নিজেদের বারবার এ কথাটি স্মরণ করিয়ে দেওয়া উচিত, যাতে তা আমাদের অন্তরে পুরোপুরি গেঁথে যায়।
إذا تكرر تقرر في القلب.
“কোনো কথা বারবার পুনরাবৃত্তি হলে তা অন্তরে সুদৃঢ়ভাবে গেঁথে যায়।”
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কী বলেছেন, তা লক্ষ করুন,
“مَنْ كَانَ مُسْتَنًّا فَلْيَسْتَنَّ بِمَنْ قَدْ مَاتَ، فَإِنَّ الْحَيَّ لَا تُؤْمَنُ عَلَيْهِ الْفِتْنَةُ”
“যে ব্যক্তি কোনো আদর্শের অনুসরণ করতে চায়, সে যেন এমন ব্যক্তির অনুসরণ করে, যিনি ইন্তেকাল করেছেন। কেননা জীবিত ব্যক্তি ফিতনা থেকে নিরাপদ নয়।”
সুতরাং আপনি যদি কোনো দলের আদর্শ ও মূলনীতির ভিত্তিতে তার সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে নিশ্চিন্ত থাকুন। আগামীকাল যদি সেই দলের আমির পরিবর্তিত হন কিংবা কোনো দুর্বল ব্যক্তি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন, তবুও দলের মূল মানহাজের প্রতি আপনার সম্পৃক্ততা অটুট থাকবে। এ কারণেই আল্লাহ না করুন, কোনো দিন যদি নেতৃত্ব নিজেই তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে সত্য কোন দিকে এবং আপনার করণীয় কী, তা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না।
পক্ষান্তরে, ব্যক্তিপূজার ক্ষতি হলো, ব্যক্তিত্ব পরিবর্তিত হয়। তাঁরা মানুষ মাত্রই। তাঁরা ভুলে যান, ভয় পান, লোভ ও প্রবৃত্তির শিকার হন এবং পরিস্থিতির চাপে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারেন। এমন কত মানুষ রয়েছেন, যারা গতকাল পর্যন্ত শরিয়াহর শাসনের কথা বলতেন, অথচ আজ গণতন্ত্র ও বাতিল ব্যবস্থার প্রশংসা করছেন। এমন কত মানুষ গতকাল পর্যন্ত জিহাদের ফরজিয়তে বিশ্বাসী ছিলেন, অথচ আজ স্বার্থ ও পরিস্থিতির দোহাই দিয়ে জিহাদ থেকে নিজেদের দায়মুক্তি ঘোষণা করছেন।
এ কারণে আপনার সম্পৃক্ততার ভিত্তি যদি কোনো ব্যক্তি হন, তাহলে আপনি তাঁকে অনুসরণ করতে করতে বাতিলের পথেও চলে যাবেন, অথচ মনে করতে থাকবেন যে, আপনি এখনো দ্বীনের পথেই আছেন। বাস্তবে তখন আপনি দ্বীনের পরিবর্তে একজন ব্যক্তির অনুসরণ করছেন। পবিত্র কোরআন ঠিক এই অবস্থার প্রতিই ইঙ্গিত করেছে,
﴿اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ﴾
“তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম ও দরবেশদের রব হিসেবে গ্রহণ করেছিল।”
তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে, আলেম ও দরবেশদের রব হিসেবে গ্রহণ করার অর্থ হলো, হালাল ও হারামের বিষয়ে অন্ধভাবে তাঁদের অনুসরণ করা।
এ থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়। যখন আমরা কোনো দলের সমালোচনা করি, তার বিরোধিতা প্রকাশ করি কিংবা তা থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিই, তখন এর ভিত্তি হওয়া উচিত, দলটির মৌলিক আদর্শ ও নীতিমালা শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক। এমন হওয়া উচিত নয় যে, দলের কোনো একজন সদস্য ভুল করেছেন, কোনো কর্মী খারাপ আচরণ করেছেন কিংবা কোনো কর্মকর্তা দুর্নীতি করেছেন, আর আমরা সেই একজনের ভুলকে পুরো দল, তার আদর্শ ও কর্মকাণ্ড প্রত্যাখ্যানের ভিত্তি বানিয়ে নিলাম।
সব জায়গাতেই ব্যক্তিরা দুর্বল হতে পারেন এবং ভুল করতে পারেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেনাবাহিনীতেও মুনাফিক ছিল। তাদের উপস্থিতির কারণে কি জিহাদ পরিত্যাগ করা উচিত ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কেউ কেউ ইজতিহাদগত ভুলও করেছেন। তাঁদের সেই ভুল কি সাহাবি হিসেবে তাঁদের মর্যাদা কেড়ে নিয়েছিল? কখনোই নয়! সুতরাং কোনো ইসলামী দল যদি শরিয়াহ বাস্তবায়ন, কুফর থেকে বিমুখতা এবং সুন্নাহর পুনর্জাগরণের আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকে, আর তার কোনো সদস্য ব্যক্তিগতভাবে কোনো ভুল করেন, তাহলে সমালোচনা হওয়া উচিত সেই ব্যক্তির, দলের আদর্শের নয়।
এ কারণে আমাদের শিখতে হবে, ব্যক্তির ভুল এবং আদর্শের বিচ্যুতির মধ্যে পার্থক্য করতে। ব্যক্তির ভুল সংশোধন করা যায় এবং ক্ষমা করা যায়। কিন্তু চিন্তাগত ভ্রষ্টতা প্রত্যাখ্যান করতে হবে, তা যত বড় ব্যক্তিত্বের কাছ থেকেই আসুক না কেন। সংক্ষেপে বলতে গেলে, একজন সচেতন ও দূরদর্শী মুসলমান ব্যক্তিত্বের সঙ্গে নয়, বরং আদর্শ ও মূলনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি দেখেন, এই দল কোরআন ও সুন্নাহকে কীভাবে মূল্যায়ন করে, তাদের মানহাজ কী এবং কোন মূলনীতির ওপর তারা প্রতিষ্ঠিত।
কোনো ব্যক্তি যদি নিজের আদর্শ থেকে বিচ্যুত হন, তাহলে তিনি সেই ব্যক্তিকে পরিত্যাগ করবেন, কিন্তু সত্য আদর্শ থেকে বিচ্যুত হবেন না। একইভাবে, তিনি সমালোচনা করবেন নীতিমালার ভিত্তিতে, ব্যক্তির ভিত্তিতে নয়। ব্যক্তিরও সমালোচনা করলে তাঁর ভুলকে পুরো দলের ওপর চাপিয়ে দেবেন না। তাঁর উদ্দেশ্য হবে সেই ব্যক্তির সংশোধন, নিছক সমালোচনার জন্য সমালোচনা করা নয়।
ইতিহাস সাক্ষ্য দেয়, যেসব জাতি ও জনগোষ্ঠী ব্যক্তিপূজার পরিবর্তে আদর্শ ও মূলনীতির অনুসরণ করেছে, তারা অবিচল থেকেছে এবং সফলতা অর্জন করেছে। পক্ষান্তরে, যারা আদর্শ পরিত্যাগ করে ব্যক্তিত্বের অন্ধ অনুসরণ করেছে, তারা শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে ছিন্নভিন্ন হয়েছে।
وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ.
“আমাদের দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া।”





















