নারী ও শিশুর অধিকার, বিবাহ ও উত্তরাধিকার, বিয়েশাদির রীতিনীতি, মৃত্যু ও শোকানুষ্ঠান, হজ ও উমরা এবং সামাজিক জীবনের অন্যান্য সমস্যা নিয়ে গবেষণামূলক ও শরয়ি পর্যালোচনা
ভূমিকা
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এর শিক্ষা কেবল মানুষের ব্যক্তিগত জীবন, ইবাদত ও নৈতিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরিবার, সমাজ, অর্থনীতি, শিক্ষা ও প্রশিক্ষণ, মানবাধিকার, সামাজিক দায়িত্ব এবং শাসনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। ইসলামী শরিয়তের মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দ্বীন, জীবন, বিবেক, বংশধারা ও সম্পদের সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, বান্দার হক আদায় এবং জুলুম ও অবিচারের অবসান।
কোনো সমাজের প্রকৃত সংস্কার তখনই সম্ভব, যখন তার সামষ্টিক বিষয়গুলো প্রাচীন প্রথা, গোত্রীয় রীতিনীতি ও ব্যক্তিগত খেয়ালখুশির পরিবর্তে ন্যায়বিচার, সদাচার, শরয়ি মূলনীতি ও মানবাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। বিশেষত পারিবারিক ব্যবস্থায় নারী, শিশু, এতিম, বিধবা, দুর্বল শ্রেণি এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের অধিকার সংরক্ষণ যেকোনো ইসলামী সমাজের অন্যতম মৌলিক দায়িত্ব।
এ ক্ষেত্রে আফগানিস্তানের সামাজিক কাঠামোও বিশেষ মনোযোগের দাবি রাখে। দেশটির বিভিন্ন অঞ্চলে এমন কিছু প্রথা প্রচলিত রয়েছে, যা বংশপরম্পরায় চলে আসছে। সময়ের ব্যবধানে সেগুলোকে সামাজিক প্রয়োজন, গোত্রীয় সম্মান ও পারিবারিক মর্যাদার অংশ হিসেবে বিবেচনা করা শুরু হয়েছে। অথচ এসব প্রথার কিছু শরিয়তের সুস্পষ্ট বিধানের পরিপন্থী, মানবাধিকারের বিরোধী এবং পরিবারগুলোকে মারাত্মক অর্থনৈতিক সংকটে ফেলার কারণ। জোরপূর্বক বিবাহ, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, মোহরানার অর্থ আত্মসাৎ করা, কনের মূল্য বা উলওয়ার এবং অন্যান্য অপ্রয়োজনীয় আর্থিক দাবি, বিয়েশাদিতে অযথা ব্যয়, মৃত ব্যক্তির স্বজনদের ওপর আপ্যায়নের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া এবং হজ ও উমরা থেকে প্রত্যাবর্তনের পর লোকদেখানো অনুষ্ঠানের আয়োজন এর উল্লেখযোগ্য উদাহরণ।
ইসলামী ইমারাতের আমিরুল মুমিনিন শায়খুল কুরআন ওয়াল হাদিস মাওলভি হিবাতুল্লাহ আখুন্দজাদাহ হাফিযাহুল্লাহ বিভিন্ন সময়ে জারিকৃত তাঁর ফরমানগুলোতে এসব সামাজিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। এসব ফরমানের গুরুত্ব এ দিক থেকেও বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এতে এমন সামাজিক অসংগতিগুলো সংশোধনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো মানুষের দৈনন্দিন জীবন, পারিবারিক স্থিতিশীলতা, আর্থিক অধিকার ও সামাজিক নৈতিকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তবে যেকোনো ইলমি ও গবেষণামূলক পর্যালোচনায় তিনটি বিষয়কে পরস্পর থেকে পৃথকভাবে বিবেচনা করা জরুরি।
প্রথমত, ফরমানটিতে কী নির্দেশ দেওয়া হয়েছে?
দ্বিতীয়ত, ওই নির্দেশের শরয়ি ভিত্তি ও দলিল কী?
তৃতীয়ত, ওই নির্দেশ বাস্তবায়নের ফলে সমাজে কার্যত কী পরিবর্তন এসেছে?
এই লেখায় উল্লিখিত ফরমানগুলোর বিষয়বস্তু সুশৃঙ্খলভাবে একত্র করা হয়েছে এবং সেগুলোর শরয়ি দলিল, সামাজিক গুরুত্ব, সংস্কারমূলক উদ্দেশ্য ও বাস্তবায়নের প্রয়োজনীয় দিকগুলো পর্যালোচনা করা হয়েছে।
প্রথম অংশ: নারীর অধিকার ও পারিবারিক জীবনের সুরক্ষা
১. নারীর অধিকারসংক্রান্ত ৮৩ জি ১ নম্বর ফরমান
মূল সরকারি ফরমান
নারীর অধিকার বিষয়ে আমিরুল মুমিনিন শায়খুল কুরআন ওয়াল হাদিস মাওলভি হিবাতুল্লাহ আখুন্দজাদাহ হাফিযাহুল্লাহর জারিকৃত ফরমানটি আফগানিস্তানের পারিবারিক ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।
ফরমান নম্বর: ৮৩ জি ১ ক্রমিক নম্বর: ১৪৩২
এই ফরমানটিতে নারীর ছয়টি মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে।
প্রথমত: বিবাহে নারীর সম্মতি
প্রাপ্তবয়স্ক কোনো নারীকে তাঁর সম্মতি ছাড়া বিবাহে বাধ্য করা যাবে না। পিতা, ভাই এবং পরিবারের অন্যান্য অভিভাবকের দায়িত্ব হলো, বিবাহের ক্ষেত্রে নারীর মতামত ও সম্মতিকে গুরুত্ব দেওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
«لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ»
(সহিহ বুখারি, কিতাবুন নিকাহ, হাদিস ৫১৩৬; সহিহ মুসলিম, কিতাবুন নিকাহ, হাদিস ১৪১৯)
অর্থ: “বিধবা বা তালাকপ্রাপ্তা নারীর সঙ্গে পরামর্শ না করে তাঁর বিবাহ দেওয়া যাবে না এবং কুমারী মেয়ের অনুমতি ছাড়া তার বিবাহ দেওয়া যাবে না।”
এই নির্দেশনার উদ্দেশ্য হলো, বিবাহকে নিছক পারিবারিক কিংবা গোত্রীয় সিদ্ধান্ত হিসেবে বিবেচনা না করে একটি শরয়ি চুক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া, যেখানে নারীর সম্মতি মৌলিক গুরুত্ব বহন করে।
দ্বিতীয়ত: পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য নারী বিনিময় নিষিদ্ধ
ফরমানটিতে এমন একটি প্রথা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে, যার অধীনে কোনো কোনো গোত্রীয় অঞ্চলে হত্যা, শত্রুতা, মারামারি ও পারিবারিক বিরোধ মেটানোর জন্য এক পরিবারের মেয়েকে অন্য পরিবারের হাতে তুলে দেওয়া হতো। এ কাজ নারীর সম্মান, স্বাধীনতা ও শরয়ি অধিকারের পরিপন্থী। অন্য কোনো ব্যক্তির অপরাধ কিংবা পারিবারিক বিরোধের বোঝা কোনো নিরপরাধ নারীর ওপর চাপিয়ে দেওয়া যায় না।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ﴾
(সুরা আল-আনআম, ১৬৪)
অর্থ: “কোনো বোঝা বহনকারী অন্য কারও বোঝা বহন করবে না।”
তৃতীয়ত: বিধবার বিবাহের অধিকার
স্বামীর মৃত্যু কিংবা তালাকের পর কোনো নারীকে তাঁর সম্মতি ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিবাহে বাধ্য করা যাবে না। শরিয়তের সীমারেখা মেনে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ﴾
(সুরা আল-বাকারা, ২৩২)
অর্থ: “তোমরা তাদের (নারীদের) বাধা দিয়ো না, যাতে তারা তাদের স্বামীদের সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে, যখন তারা পরস্পর ন্যায়সংগতভাবে সম্মত হয়।”
আয়াতটি তার প্রাসঙ্গিক আলোচনায় তালাকপ্রাপ্তা নারীর সাবেক স্বামীর সঙ্গে পুনরায় বিবাহের বিষয়ে অবতীর্ণ হয়েছে। তবে এর মাধ্যমে নারীর বিবাহের অধিকারে অন্যায়ভাবে বাধা দেওয়ার নিষেধাজ্ঞাও স্পষ্ট হয়ে ওঠে।
চতুর্থত: মোহরানা নারীর ব্যক্তিগত সম্পদ
ফরমানটিতে স্পষ্ট করা হয়েছে যে, নারীর মোহরানা তাঁর ব্যক্তিগত ও শরয়ি অধিকার। পিতা, ভাই, চাচা কিংবা অন্য কোনো আত্মীয় তাঁর সম্মতি ছাড়া এই সম্পদে হস্তক্ষেপ বা তা আত্মসাৎ করতে পারবে না।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً﴾
(সুরা আন-নিসা, ৪)
অর্থ: “তোমরা নারীদের তাদের মোহরানা সন্তুষ্টচিত্তে প্রদান করো।”
বিশেষত এমন সামাজিক আচরণ সংশোধনের ক্ষেত্রে এই নির্দেশনার গুরুত্ব রয়েছে, যেখানে নারীর নামে বিপুল অঙ্কের মোহরানা নির্ধারণ করা হলেও সেই অর্থ পরিবারের সদস্যরা নিজেদের দখলে নিয়ে নেয়।
পঞ্চমত: নারীর উত্তরাধিকারের অধিকার
ফরমানটিতে নির্দেশ দেওয়া হয়েছে, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কন্যা, বোন, মা ও বিধবা, প্রত্যেকেই তাঁর শরয়ি সম্পর্ক এবং অন্যান্য উত্তরাধিকারীর উপস্থিতি অনুসারে পরিত্যক্ত সম্পদে নির্ধারিত অংশ লাভ করবেন।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿لِلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ﴾
(সুরা আন-নিসা, ৭)
অর্থ: “পিতা-মাতা ও নিকটাত্মীয়রা যা রেখে যায়, তাতে পুরুষদের জন্য অংশ রয়েছে এবং পিতা-মাতা ও নিকটাত্মীয়রা যা রেখে যায়, তাতে নারীদের জন্যও অংশ রয়েছে।”
এই আয়াতে উত্তরাধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের জন্যই অংশ নির্ধারণ করা হয়েছে। সুতরাং কোনো নারীকে শুধু এ কারণে তাঁর উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যে, বিয়ের পর তিনি অন্য পরিবারে চলে যাবেন কিংবা তাঁর অংশ ভাইদের কাছেই থাকা উচিত, শরিয়তসম্মত নয়।
ষষ্ঠত: একাধিক স্ত্রীর মধ্যে ন্যায়বিচার ও ইনসাফ
ফরমানটিতে একাধিক বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের অধিকার আদায় এবং তাঁদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً﴾
(সুরা আন-নিসা, ৩)
অর্থ: “অতঃপর যদি তোমাদের আশঙ্কা হয় যে, তোমরা ন্যায়বিচার করতে পারবে না, তাহলে একজন নারীকে বিবাহ করো।”
এই নির্দেশনার উদ্দেশ্য হলো, একাধিক বিবাহের শরয়ি বৈধতা যেন কোনো স্ত্রীর অধিকার নষ্ট করা কিংবা তাঁর প্রতি অবিচার করার মাধ্যম হয়ে না দাঁড়ায়।
এই ফরমানের ইতিবাচক ফলাফল ও সামাজিক প্রভাব
এই ফরমান নারীর বিবাহ, সম্মান, সম্পদের মালিকানা, উত্তরাধিকারের অধিকার ও দাম্পত্য জীবনসংক্রান্ত শরয়ি অধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অগ্রগতি হিসেবে বিবেচিত। এর বাস্তবায়নের মাধ্যমে নারীদের জোরপূর্বক বিবাহ, উত্তরাধিকারের অধিকার হরণ এবং বিবাহসংক্রান্ত বিষয়ে অন্যায় হস্তক্ষেপ প্রতিরোধের পথ সুগম হয়েছে।
একইভাবে পারিবারিক ব্যবস্থার স্থিতিশীলতা, নারীর শরয়ি অধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়বিচার ও ইনসাফের প্রসারের ক্ষেত্রেও এই ফরমানের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম।





















