পাকিস্তানে সেনাবাহিনীকে সব সময় ‘দেশের অখণ্ডতার রক্ষক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিটি ভাষণে, প্রতিটি পাঠ্যক্রমে, প্রতিটি বিজ্ঞাপনে এই বাক্যটি বারবার উচ্চারিত হয়। কিন্তু একটি চিন্তাশীল প্রশ্ন থেকেই যায়, যা সময় যত গড়াচ্ছে, ততই গভীর হচ্ছে। প্রশ্নটি হলো, রক্ষক কখন এবং কীভাবে মালিকে পরিণত হলো?
যখন কোনো প্রতিষ্ঠানের মূল দায়িত্ব সীমান্ত রক্ষা করা, অথচ সেই প্রতিষ্ঠানই সড়ক নির্মাণ করে, সেসব সড়ক থেকে টোল আদায় করে, ব্যাংক পরিচালনা করে, সিমেন্ট বিক্রি করে, চিনি উৎপাদন করে, হোটেল কেনে, খনিজ সম্পদ উত্তোলন করে এবং শহরের সবচেয়ে মূল্যবান জমিগুলোতে আবাসন প্রকল্প গড়ে তোলে, তখন সেই প্রতিষ্ঠান আর কেবল একটি সামরিক প্রতিষ্ঠান থাকে না। সেটি রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রে পরিণত হয়।
আর এটি নিছক কোনো অভিযোগ নয়, বরং পরিসংখ্যানের গল্প। পরিসংখ্যানই চিৎকার করে জানিয়ে দিচ্ছে, পাকিস্তানের অর্থনীতির ওপর সবচেয়ে বড় অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ কার হাতে।
আসুন, দেখে নেওয়া যাক দেশের অখণ্ডতার রক্ষকেরা কী কী করছেন। মনে রাখবেন, এটি কেবল একটি সংক্ষিপ্ত চিত্র!
১. ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (FWO)
এফডব্লিউও প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। কারাকোরাম হাইওয়ে তাদের গর্ব। কিন্তু আজ এফডব্লিউও আর শুধু সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান নয়, বরং সড়ক থেকে অর্থ উপার্জনের এক যন্ত্রে পরিণত হয়েছে।
লাহোর-ইসলামাবাদ মোটরওয়ে ২০১৪ সালে ২০ বছরের জন্য এফডব্লিউওর একটি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়। এরপর ২০২২ সালের জুনে ছয়টি মোটরওয়ের টোল আদায়ের দায়িত্ব ১০ বছরের জন্য কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই এফডব্লিউওকে দেওয়া হয়। এসব টোল প্লাজা থেকে কত আয় হয়, তা নিয়ে আলাদা বিস্তারিত হিসাব রয়েছে।
তবে আমরা যদি ২০ বছরের একটি আনুমানিক হিসাব করি, তাহলে চিত্রটি দাঁড়ায় এমন।
গড় টোল ২,২০০ রুপি ধরা হয়েছে। কারণ, সবাই লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত পুরো পথ অতিক্রম করেন না; অনেকে মাঝপথেও যাতায়াত করেন। বর্তমানে একটি গাড়ির পুরো পথের টোল ১,৪৩০ রুপি এবং একটি ট্রেইলারের টোল ৭,৯৮০ রুপি।
বার্ষিক বৃদ্ধি
* টোলের হার ১০ শতাংশ
* যানবাহনের সংখ্যা ৩ শতাংশ
২০ বছরের হিসাব
বর্তমান এক বছরের হিসাব (২০২৬)
৩৫,০০০টি যানবাহন × ২,২০০ রুপি × ৩৬৫ দিন = বছরে প্রায় ২৮ বিলিয়ন রুপি।
২০ বছরের হিসাব অনুযায়ী, ২০১৪ সালে এই প্রকল্পের বার্ষিক আয় ছিল আনুমানিক ৬.৩ বিলিয়ন রুপি। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ বিলিয়ন রুপিতে। আর ২০৩৪ সালে এই আয় প্রায় ৭৬ বিলিয়ন রুপিতে পৌঁছাতে পারে।
২০ বছরে মোট আদায়ের পরিমাণ = প্রায় ৬০০ বিলিয়ন রুপি, অর্থাৎ ৬০০ বিলিয়ন বা ৬ খরব রুপি।
আমরা যদি যানবাহনের সংখ্যা কমও ধরি, তবুও এই আয় ৩৫০ বিলিয়ন রুপির কম হবে না। আর যানবাহনের সংখ্যা বেশি ধরলে তা ৯০০ বিলিয়ন রুপিরও বেশি হয়ে যাবে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অডিটর জেনারেলের প্রতিবেদনে সবকিছু প্রকাশ হয়ে গেছে। ১২.২ বিলিয়ন রুপির একটি চুক্তি, যা আট মাসে সম্পন্ন হওয়ার কথা ছিল, তিন বছর পরও এর সিস্টেম স্থাপন করা হয়নি, অথচ ৮৮ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে! ৩৯ বিলিয়ন রুপির টোল আদায়ের হিসাব কোনো স্বাধীন সংস্থা দিয়ে যাচাইই করা হয়নি! সাড়ে তিন বিলিয়ন রুপি তিন মাস ধরে এফডব্লিউওর কাছে পড়ে ছিল, কিন্তু কোনো জরিমানা করা হয়নি! ১২ বছর ধরে কোনো অডিট হয়নি। সংসদীয় কমিটিকে জবাব দেওয়া হয়নি। জিএইচকিউর কাছে অনুমতি চাওয়া হয়েছিল, এক বছর পেরিয়ে গেলেও কোনো জবাব আসেনি!
এটাই কি জবাবদিহি? এটাই কি স্বচ্ছতা?
২০২৫ সালের সেপ্টেম্বরে এফডব্লিউও প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মার্কিন কোম্পানির সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করে। এর প্রথম পর্যায়ের মূল্য ছিল ৫০০ মিলিয়ন ডলার। অর্থাৎ, যে প্রতিষ্ঠান সড়ক নির্মাণ করত, এখন তারা দেশের খনিজ সম্পদ নিয়েও বাণিজ্য করছে।
এখানে একটি সহজ চিন্তার বিষয় আমাদের বিবেচনায় রাখা উচিত। যখন টোল বাড়বে, তখন পরিবহন ব্যয়ও বাড়বে। পরিবহন ব্যয় বাড়লে আটা, সবজি, সবকিছুর দাম বাড়বে। আর এই মূল্যবৃদ্ধিতেও সেনাবাহিনীই লাভবান হবে। কারণ, এমন কোনো খাত খুঁজে পাওয়া কঠিন, যেখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ, এফডব্লিউওর মুনাফা সরাসরি জনগণের পকেট থেকেই আসে।
২. ন্যাশনাল লজিস্টিকস করপোরেশন (NLC)
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এনএলসি বর্তমানে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে করাচি বন্দর থেকে পিপরি পর্যন্ত ৫২ কিলোমিটার দীর্ঘ রেল করিডোর নির্মাণ করছে।
খুনজেরাব সীমান্তপথ দিয়ে চীন থেকে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত পণ্য পৌঁছে দিচ্ছে ৩০ দিনের পরিবর্তে মাত্র ১০ দিনে। খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য একটি পর্তুগিজ কোম্পানির সঙ্গে চুক্তিও এই প্রতিষ্ঠানের হাতে রয়েছে।
অর্থাৎ, দেশের লজিস্টিকস ব্যবস্থা, যা দেশের বাণিজ্যের প্রাণশক্তি, এমন একটি সামরিক প্রতিষ্ঠানের হাতে রয়েছে, যে প্রতিষ্ঠানটি দেশের অখণ্ডতার রক্ষক হিসেবে পরিচিত।
৩. ডিফেন্স হাউজিং অথরিটি (DHA)
ডিএইচএ লাহোরের ফেজ-৯ প্রিজমে ২,০৮৫টি প্লটের দখল বুঝিয়ে দিয়েছে। প্রায় ১,৮০,০০০ কানাল জমিজুড়ে বিস্তৃত ফেজ-১০-এর মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে, অথচ এর ফাইল আগেই বিক্রি শুরু হয়েছে। ডিএইচএ ইসলামাবাদে মারগালা এনক্লেভ, গান্ধারা সিটি এবং ডি-১৩, ই-১৩, এফ-১৩-এর মতো সেক্টরে নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে। করাচিতে ফেজ-৮ ওয়াটারফ্রন্ট তাদের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এদিকে মুলতান, কোয়েটা, গুজরানওয়ালা ও বাহাওয়ালপুরেও নতুন নতুন প্লটের ফাইল বাজারে আসছে।
প্রশ্ন হলো, সেনাবাহিনী এত জমি কোথায় পায়? সামরিক কর্মকর্তা প্লট বরাদ্দ পান, আর সাধারণ নাগরিক কিস্তি পরিশোধ করতে করতেই নিঃশেষ হয়ে যান। এটি কি দেশের অখণ্ডতা রক্ষা, নাকি আবাসন ব্যবসা?
৪. ফৌজি ফাউন্ডেশন
ফৌজি ফার্টিলাইজার থর কয়লা থেকে ইউরিয়া উৎপাদনের ১.১২ বিলিয়ন ডলারের একটি প্রকল্প নিয়ে কাজ করছে। ২০৩১ সাল থেকে প্রতিবছর ৭১৭,০০০ টন ইউরিয়া উৎপাদিত হবে।
মারি পেট্রোলিয়াম শুধু ২০২৫ সালেই ২.৬ বিলিয়ন ডলার সাশ্রয়ের দাবি করেছে।
আর এখন সর্বশেষ খবর হলো, ফৌজি ফাউন্ডেশন পার্ল কন্টিনেন্টাল হোটেলসের মালিক কোম্পানির ১৯.৭ শতাংশ শেয়ার ৬.৫৫ বিলিয়ন রুপিতে কিনে নিয়েছে। অর্থাৎ, এখন সেনাবাহিনী হোটেলও পরিচালনা করবে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কেনার দরপত্রেও ফৌজি ফার্টিলাইজার কোম্পানি (এফএফসি) অংশ নিয়েছিল।
চিন্তার বিষয় হলো, যখন সার, তেল, গ্যাস, সিমেন্ট, খাদ্য ও হোটেল সবকিছুই সেনাবাহিনীর হাতে থাকবে, তখন বেসামরিক ব্যবসায়ীরা কী করবে? পাকিস্তানে বেসরকারি খাত কি আদৌ টিকে থাকতে পারবে?
৫. আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট
আস্কারি ব্যাংক। ৭২০টিরও বেশি শাখা, ৯৭৪টি এটিএম এবং ২০২৫ সালে ২২.৮ বিলিয়ন রুপি মুনাফা। আর এখন মাশাআল্লাহ, এটিকে ইসলামী ব্যাংকে রূপান্তর করা হচ্ছে। অন্য কথায়, এর সঙ্গে ইসলামী ব্যাংকিংয়ের আবরণ যুক্ত করার চেষ্টা চলছে।
আস্কারি সিমেন্ট, আস্কারি সুগার মিলস বাদিন, আস্কারি সিডস, আস্কারি গার্ডস, আস্কারি এভিয়েশন, আস্কারি ফুয়েলস।
অর্থাৎ, অর্থের ব্যবস্থাপনা করবে তাদের ব্যাংক, চিনি উৎপাদন করবে তাদের কারখানা, নিরাপত্তা দেবে তাদের প্রহরীরা, আর পেট্রোল বিক্রি করবে তাদের পাম্প।
আরে ভাই, দেশের অখণ্ডতা রক্ষার কাজ চলছে! এটা কি কোনো রসিকতা?
৬. শাহিন ফাউন্ডেশন, বাহরিয়া ফাউন্ডেশন, সিএসডি ও এসসিও
শাহিন ফাউন্ডেশন: এফএম ১০০ রেডিও, স্কুল, বিজ্ঞাপন ও পেট্রোল পাম্প।
বাহরিয়া ফাউন্ডেশন: করাচি, লাহোর ও ইসলামাবাদে বড় বড় বাণিজ্যিক প্লাজা এবং বিশ্ববিদ্যালয়।
সিএসডি: সারা দেশে সুপারস্টোর, সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত।
এসসিও: আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে মোবাইল ও ইন্টারনেটের সবচেয়ে বড় নেটওয়ার্ক।
অর্থাৎ, বিমানবাহিনী রেডিও পরিচালনা করবে, নৌবাহিনী প্লাজা নির্মাণ করবে, আর স্থলবাহিনী সুপারস্টোর চালাবে। যাতে দেশের অখণ্ডতা আরও ভালোভাবে রক্ষা করা যায়!
মূল চিন্তার বিষয়: তিনটি বড় বৈপরীত্য
প্রথম বৈপরীত্য: কর দেবে জনগণ, লাভ নেবে সেনাবাহিনী
পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের একমাত্র সেনাবাহিনী, যারা দেশের অখণ্ডতা রক্ষার নামে করের একটি বড় অংশ পায়, আবার ব্যবসা থেকেও মুনাফা অর্জন করে। কিন্তু সেই মুনাফার ওপর সাধারণ ব্যবসায়ীদের মতো কর ও জবাবদিহির বিধান কার্যকর হয় না। ২০১৪ সালে প্রতিযোগিতা কমিশন নিজেই বলেছিল, সরকারি ছাড়ের কারণে এফডব্লিউও ৩০ শতাংশ সুবিধা পায়। ফলে বেসরকারি ঠিকাদাররা তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না।
দ্বিতীয় বৈপরীত্য: জমি জনগণের, খনিজ সম্পদ সেনাবাহিনীর
বিভিন্ন জমি দখল করে সেখানে থাকা খনিজ সম্পদ থেকে প্রাপ্ত অর্থের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়, সরকারকে কোনো অংশ দেওয়া হয় না। এ কারণেই খনিজ সম্পদসংক্রান্ত চুক্তিগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পাদিত হলেও সিদ্ধান্ত নেওয়া হয় এফডব্লিউও ও সেনাপ্রধানের সামনে।
তৃতীয় বৈপরীত্য: তিন বছরেই কোটিপতি
একজন বড় ব্যবসায়ী কিংবা জনপ্রিয় তারকা তিন বছরে সেই পরিমাণ সম্পদের মালিক হতে পারেন না, যতটা একজন কর্নেল বা জেনারেল অবসর গ্রহণের পর অর্জন করেন। প্লট, ফাইল, ডিএইচএ, আস্কারি, বাণিজ্যিক প্লাজা। এই সম্পদ কোথা থেকে আসে? এটি বেতন থেকে আসে না, আসে ব্যবস্থা থেকে। এ কারণেই তাঁদের ব্যবস্থা তো চমৎকারভাবে চলছে, কিন্তু জনগণের ব্যবস্থা ধসে পড়েছে।
উপসংহার: রাষ্ট্রকে আবার রাষ্ট্রে পরিণত করতে হবে
যত দিন সেনাবাহিনী ব্যবসা করবে, তত দিন তারা রাজনীতিও করবে। যত দিন সেনাবাহিনী জমি বিক্রি করবে, তত দিন তারা সংসদও নিয়ন্ত্রণ করবে। যত দিন সেনাবাহিনীর বাজেট ও ব্যবসা অডিটের আওতার বাইরে থাকবে, তত দিন পাকিস্তানের অর্থনীতি কখনোই ঠিক হবে না।
এখন প্রশ্নটি আর এই নয় যে, কী ভুল হচ্ছে; বরং প্রশ্ন হলো, এই ভুল সংশোধন করবে কে? সংসদ, যা নিজেই এই ব্যবস্থার মাধ্যমে গঠিত? বিচার বিভাগ, যা নিজেই এর সামনে নতজানু? নাকি জনগণ, যারা নিজেরাই এই ব্যবস্থার শিকার?
ইতিহাস বলে, কোনো প্রতিষ্ঠানই স্বেচ্ছায় নিজের ক্ষমতা ছেড়ে দেয় না। তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হয়। আর এই কাজ একটি লেখা কিংবা একটি ভাষণের মাধ্যমে হবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সংগ্রাম। আর সেই সংগ্রামের প্রথম ধাপ হলো, জনগণকে আগে বুঝতে হবে রক্ষক ও মালিকের মধ্যে পার্থক্য কী।
বাকি সিদ্ধান্ত পাঠকের হাতে।
وما علينا إلا البلاغ
“আমাদের দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া।”





















