শিল্পায়ন : স্বনির্ভরতার পথে এক ধাপ
শিল্প যেকোনো দেশের অর্থনীতির অন্যতম মৌলিক স্তম্ভ। যে দেশ নিজের অধিকাংশ চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করে এবং যার অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা সীমিত, সে দেশ সব সময় অর্থনৈতিক পরনির্ভরতা ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে ক্ষতির ঝুঁকিতে থাকে। আফগানিস্তানও দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে আসছে।
প্রজাতন্ত্রের শাসনামলে শিল্প খাতে কিছু কার্যক্রম পরিচালিত হলেও এ খাতটি নানা সমস্যায় জর্জরিত ছিল। বিদ্যুৎ-সংকট, দেশীয় পণ্যের জন্য পর্যাপ্ত সরকারি সহযোগিতার অভাব, শুল্কসংক্রান্ত জটিলতা, প্রশাসনিক দুর্নীতি এবং আমদানিকৃত পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতার কারণে শিল্প খাত বাধাগ্রস্ত হয়েছে। ফলে একের পর এক বহু কারখানা বন্ধ হয়ে যায় এবং দেশের বাজারের অধিকাংশ চাহিদা আমদানির মাধ্যমে পূরণ হতে থাকে।
ইসলামী ইমারাতে আফগানিস্তান ক্ষমতায় আসার পর দেশীয় পণ্যের পৃষ্ঠপোষকতা এবং শিল্পের সম্প্রসারণ অর্থনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অংশে পরিণত হয়। এ সময়ে উৎপাদনমুখী কারখানাগুলোর কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ সৃষ্টি, শিল্প খাতে বিনিয়োগে উৎসাহ প্রদান এবং আমদানিকৃত পণ্যের ওপর বাজারের নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক ও অর্থনৈতিক নানা বিধিনিষেধের মধ্যে থাকা বর্তমান পরিস্থিতিতে এসব উদ্যোগের গুরুত্ব আরও বেশি। কেননা, অভ্যন্তরীণ উৎপাদনব্যবস্থা শক্তিশালী করা কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি এবং দেশের বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ক্ষেত্রে অন্যতম মৌলিক পদক্ষেপ হলো শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা প্রদান। শিল্পকারখানার যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার কমানোর পাশাপাশি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় কারখানার প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা চালু করেছে। এর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং আমদানিকৃত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় পণ্য তুলনামূলক ভালো অবস্থানে যাওয়ার সুযোগ পায়। এ ছাড়া শিল্পনগরীগুলোতে জমি বরাদ্দ, কারখানা পরিচালনার লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এ খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর অন্তর্ভুক্ত।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প ও খনিজ প্রদর্শনীসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, শিল্পকারখানা পরিচালনার জন্য দুই হাজার আট শ জেরিবেরও বেশি জমি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশীয় পণ্যের বৈচিত্র্যও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশীয় পণ্যের সংখ্যা প্রায় ৫০০ থেকে বেড়ে ২ হাজারে উন্নীত হয়েছে এবং এর মধ্যে কয়েকটি পণ্যের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। এ ছাড়া শিল্পনগরী নির্মাণ, যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার হ্রাস এবং কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদানের বিষয়টিও সহায়ক পদক্ষেপ হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রদেশে শিল্পাঞ্চলের সম্প্রসারণও শিল্পের ভারসাম্যপূর্ণ বিকাশের ক্ষেত্র প্রস্তুত করতে পারে।
এসব পদক্ষেপের পাশাপাশি বিদ্যুৎ ও উপযুক্ত মৌলিক অবকাঠামো আফগানিস্তানের শিল্প খাতের অন্যতম প্রধান চাহিদা। উৎপাদনমুখী কারখানাগুলো নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ, পানি, যোগাযোগব্যবস্থা এবং সহজে কাঁচামাল সংগ্রহের সুযোগ প্রয়োজন। জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও অন্যান্য অভ্যন্তরীণ জ্বালানি প্রকল্প বাস্তবায়ন দীর্ঘমেয়াদে এসব চাহিদার একটি অংশ পূরণে সহায়তা করতে পারে। একইভাবে মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গৃহীত সিএএসএ-১০০০ প্রকল্পও বিদ্যুৎ সরবরাহব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসব অর্জনকে বাস্তবতার নিরিখেই মূল্যায়ন করা উচিত। নিঃসন্দেহে শিল্পের বিকাশ এবং এ খাতে স্বনির্ভরতা অর্জন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বিশেষত অন্যায় নিষেধাজ্ঞা ও দেশের সম্পদ জব্দ রাখার মতো পরিস্থিতি অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে পূর্ণ স্বনির্ভরতা অর্জন করা অসম্ভব। এতসব প্রতিবন্ধকতা সত্ত্বেও এ খাতে ইসলামী ইমারাতের কর্মকর্তাদের প্রচেষ্টা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।
কিছু সমালোচক বলেন, আফগানিস্তানের দেশীয় পণ্য এখনো বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম নয় এবং হাতেগোনা কয়েকটি কারখানার কার্যক্রম দেশের অর্থনীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। তাঁদের এ বক্তব্যে বাস্তবতার একটি দিক উঠে এলেও পুরো চিত্রটি এতে প্রতিফলিত হয় না। একটি দেশকে শিল্পোন্নত করতে হলে তা ধাপে ধাপে এগিয়ে নিতে হয়। এর জন্য প্রয়োজন বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং উপযুক্ত বাজার। দীর্ঘদিন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সম্পদ থেকে বঞ্চিত একটি শিল্প খাত অল্প সময়ের মধ্যেই বিশ্ববাজারে ব্যাপক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উৎপাদনের ক্ষেত্র প্রস্তুত করা, শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা করা এবং দেশীয় কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করা। ইনশাআল্লাহ, এ খাতে ইসলামী ইমারাতের কর্মকর্তারা যে আন্তরিক প্রচেষ্টা শুরু করেছেন, তার ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদে আমরা বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা দেখতে পাব।
শিল্প ও শিল্পায়ন আফগানিস্তানের অর্থনীতির অন্যতম মৌলিক চাহিদা। আমদানিনির্ভরতা হ্রাস, দেশীয় কারখানার পৃষ্ঠপোষকতা, শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা এবং শিল্পাঞ্চলের সম্প্রসারণ এমন কিছু পদক্ষেপ, যা দেশকে অধিক উৎপাদন ও কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে পারে। তবে এ প্রক্রিয়া অব্যাহত রাখতে প্রয়োজন কার্যকর ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের ধারাবাহিক সহযোগিতা, পণ্যের গুণগত মানোন্নয়ন এবং প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো নিশ্চিত করা। চূড়ান্ত লক্ষ্য হলো, আফগানিস্তান যেন ধাপে ধাপে আমদানিনির্ভর ভোগবাদী বাজার থেকে বেরিয়ে এসে ব্যাপক উৎপাদন সক্ষমতাসম্পন্ন এমন একটি দেশে পরিণত হতে পারে, যা আঞ্চলিক বাজারেও প্রতিযোগিতা করতে সক্ষম।





















