১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ধাপে ধাপে একটি ছোট গোয়েন্দা সংস্থা থেকে এমন এক বিস্তৃত ক্ষমতাকেন্দ্রে পরিণত হয়েছে, যার প্রভাব এখন নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির সীমানা ছাড়িয়ে সর্বত্র বিস্তৃত। শুরুতে জাতীয় স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে গড়ে তোলা হলেও কয়েক দশকের ব্যবধানে সংস্থাটি দেশের ক্ষমতাকাঠামোর অন্যতম প্রধান খেলোয়াড়ে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে তারা নিজেদের আইন ও জবাবদিহির ঊর্ধ্বে বলে মনে করে।
সংস্থাটির কর্মকাণ্ডের সমালোচনা করা মানে পাকিস্তানের নিরাপত্তার প্রতি শত্রুতা পোষণ করা নয়, কিংবা একটি গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা অস্বীকার করাও নয়। বরং এটি এমন একটি প্রতিষ্ঠানের ক্ষমতা ও দায়িত্বের সীমা নতুন করে নির্ধারণের আহ্বান, যার নাম দেশের বহু ঐতিহাসিক সংকটের সঙ্গে জড়িয়ে আছে। এ ক্ষেত্রে সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হলো গুমের ঘটনা। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত অসংখ্য প্রতিবেদনে জোরপূর্বক গুমের ঘটনায় আইএসআইয়ের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।
কোনো পরিবার যখন বছরের পর বছর ধরে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে পারে না এবং কোনো প্রতিষ্ঠানই এর জবাবদিহি করে না, তখন পুরো নিরাপত্তাব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা উঠে যায়। নিখোঁজ ব্যক্তিরা কেবল প্রশাসনিক নথিপত্রের বিষয় নন; বরং তাঁরা এমন এক সমাজের বুকে জেগে থাকা ক্ষত, যে সমাজ নীরবে নিজেদের অসহায়ত্ব বয়ে বেড়াচ্ছে।
সমালোচনার দ্বিতীয় ক্ষেত্রটি হলো সংস্থাটির অর্থনৈতিক কর্মকাণ্ডের অস্বচ্ছতা। অস্বচ্ছ অর্থায়ন, চোরাচালান এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অভিযোগ উঠেছে, যা একটি সামরিক ও গোয়েন্দা সংস্থার গোপন অর্থনৈতিক স্বার্থ থাকার চিত্র তুলে ধরে। যে প্রতিষ্ঠানের দায়িত্ব অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, সেই প্রতিষ্ঠানই যখন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়, তখন তদারকি ও ক্ষমতার অপব্যবহারের মধ্যকার সীমারেখা অস্পষ্ট হয়ে পড়ে। আর্থিক কর্মকাণ্ডের এই অস্বচ্ছতা প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে দেয় এবং বিনিয়োগকারী ও সাধারণ নাগরিকদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে।
তৃতীয় বিষয়টি হলো রাজনীতিতে হস্তক্ষেপ। পাকিস্তানের ইতিহাসে বারবার এই অভিযোগ উঠেছে যে, আইএসআই রাজনৈতিক দলগুলোকে দুর্বল করা, নিয়ন্ত্রণ করা এবং পরিচালনার কাজে জড়িত। যে প্রতিষ্ঠানের দায়িত্ব গোয়েন্দা তথ্য সংগ্রহ ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা, সেটি যখন দলীয় রাজনীতির নির্ধারক শক্তিতে পরিণত হয়, তখন আইনের ভিত ভেতর থেকেই ফাঁপা হয়ে যায়। বিলাওয়াল ভুট্টোর মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত অবস্থান ও কর্মকাণ্ড থেকে বোঝা যায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আইএসআইয়ের ছায়া বিস্তৃত। এমন পরিস্থিতিতে জনগণের ভোটের কার্যকারিতা হারিয়ে যায় এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলো অদৃশ্য শক্তির হাতের পুতুলে পরিণত হয়।
সমালোচনার চতুর্থ ক্ষেত্রটি হলো সংস্থাটির নিজস্ব নিরাপত্তাব্যবস্থা ও কার্যকারিতার রেকর্ড। এখানে একটি গুরুতর প্রশ্ন সামনে আসে, আইএসআইয়ের যদি এত বিস্তৃত গোয়েন্দা সক্ষমতা ও ব্যাপক ক্ষমতা থেকেই থাকে, তাহলে পাকিস্তান এখনো কেন একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা ও রক্তক্ষয়ী হামলার মুখোমুখি হচ্ছে? সমালোচকদের বক্তব্য হলো, রাজনৈতিক ক্ষমতা অর্জনের প্রতি অতিরিক্ত মনোযোগ সংস্থাটিকে তার মূল দায়িত্ব, অর্থাৎ হুমকি আগাম শনাক্ত ও প্রতিরোধ করা থেকে দূরে সরিয়ে দিয়েছে। মিথ্যা, ভিত্তিহীন ও বিকৃত প্রতিবেদন তৈরি করা এবং গোয়েন্দা তথ্যের ভুল বিশ্লেষণ শুধু ভুল সিদ্ধান্তের জন্ম দেয় না, বরং নাগরিকদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে।
পঞ্চম এবং সবচেয়ে বেদনাদায়ক বিষয়টি হলো আলেমদের হত্যা এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আচরণ। আলেমদের পরিকল্পিত হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা এবং স্বাধীন তদন্তে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সামান্য অংশও যদি সত্য হয়, তাহলে তা সংস্থাটির নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব থেকে গভীর বিচ্যুতির প্রমাণ বহন করে। কোনো ধর্মীয় আলেম কিংবা রাজনীতিবিদকে হত্যা করে নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় না; বরং এতে সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিভেদ আরও গভীর হয়। এর পাশাপাশি সংস্থাটির কর্মকর্তাদের পেশাগত নিষ্ঠা, শৃঙ্খলা, আনুগত্য ও জবাবদিহি নিয়েও উদ্বেগ রয়েছে। কর্মকর্তাদের পদত্যাগের হার বৃদ্ধি পাওয়ার বিষয়টিও এমন একটি প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে, যা অভ্যন্তরীণভাবে বৈধতা ও গ্রহণযোগ্যতার সংকটে ভুগছে।
সবশেষে নেতৃত্বের প্রশ্ন এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের হাতে ক্ষমতার কেন্দ্রীভবন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সমালোচনার মূল বক্তব্য হলো, নিরাপত্তার পরিবর্তে রাজনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি মনোযোগ দিতে গিয়ে সংস্থাটি তার পেশাগত দায়িত্ব ও মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। যখন সামরিক ও গোয়েন্দা সংস্থার নেতারা জাতির কাছে জবাবদিহি করার পরিবর্তে নিজেদের ক্ষমতা সুসংহত করতে ব্যস্ত হয়ে পড়েন, তখন এর মূল্য দিতে হয় পুরো সমাজকে।
এই বিচ্যুতির প্রভাব দেশের বাইরেও পড়েছে, যা উপেক্ষা করার সুযোগ নেই। কোনো গোয়েন্দা সংস্থা যখন স্বচ্ছতার পরিবর্তে অস্বচ্ছতা ও অস্বীকৃতির পথ বেছে নেয়, তখন যেকোনো নিরাপত্তাব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ভিত্তি সামাজিক আস্থা ও সহযোগিতা ক্ষয় হতে থাকে। এমন পরিবেশে নিরাপত্তাব্যবস্থার প্রকৃত চোখ ও কান হিসেবে বিবেচিত জনসাধারণের সহযোগিতার জায়গা দখল করে নেয় অবিশ্বাস ও নীরবতা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। যে দেশের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেই দেশের পক্ষে আন্তর্জাতিক অংশীদারদের আস্থা অর্জন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়ে। এভাবে পাকিস্তানের ওপর আইএসআইয়ের অন্ধকার ছায়া অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তার গণ্ডি ছাড়িয়ে দেশটির অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সর্বাগ্রে প্রয়োজন নিজেদের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক অঙ্গীকার এবং আইনের শাসনে ফিরে আসা।
পাকিস্তানের ওপর আইএসআইয়ের এই অন্ধকার ছায়া কেবল একটি রাজনৈতিক অভিযোগের বিষয় নয়। এর প্রভাব নাগরিকদের দৈনন্দিন জীবনে, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের নীরবতায়, আলেমদের হত্যাকাণ্ডে, অবিশ্বাসের পরিবেশে এবং প্রশাসনের গভীরে শিকড় গেড়ে বসা দুর্নীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। অস্বীকার ও সমালোচকদের কণ্ঠরোধের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। বরং এর জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, সংস্থাটির ক্ষমতার সীমা সুনির্দিষ্টভাবে নির্ধারণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার মূল দায়িত্বে ফিরে আসা।





















