আল-সিদ্দিক অফিসের চিঠির বিশ্লেষণ
আবু-বিলাল আল-মিনুকি এ বছরের মে মাসে নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হন। তিনি প্রদেশসমূহের সাধারণ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন এবং আল-সিদ্দিক অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। এই অফিসের কার্যপরিধির মধ্যে রয়েছে পূর্ব, দক্ষিণ ও মধ্য এশিয়া। তাঁর মৃত্যুর পর গোয়েন্দা সংস্থা ও প্রভাবশালী গণমাধ্যমের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আসে। এসব নথিতে কয়েকটি স্পর্শকাতর বিষয় উল্লেখ রয়েছে।
চিঠিটি আল-সিদ্দিক অফিসের প্রধান কারি তামিম আল-কুরদি (ইঞ্জিনিয়ার উবাইদুল্লাহ) আইএস খাওয়ারিজদের নেতৃত্ব পরিষদ, অর্থাৎ প্রতিনিধিত্বশীল কমিটির (আল-লাজনাতুল মুফাওয়াদ্দা) কাছে লিখেছিলেন।
চিঠিতে উল্লিখিত বিষয়গুলোর স্পর্শকাতরতার কারণে আইএসের কিছু কর্মী বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করেছেন এবং চিঠিটিকে জাল বলে দাবি করেছেন। তবে আল-মিরসাদ আইএস-খোরাসানের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্টভাবে অবগত নিজস্ব সূত্রগুলোর মাধ্যমে চিঠিটির সত্যতা এবং এতে উল্লিখিত বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করেছে। এসব সূত্র আল-মিরসাদকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে, যা আইএস খাওয়ারিজদের প্রকৃত চেহারা উন্মোচন করে।
প্রথমে কোনো সংযোজন বা বিয়োজন ছাড়াই পাঠকদের সামনে চিঠিটির অনুবাদ তুলে ধরা হচ্ছে। পাঠকদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আল-মিরসাদ কিছু অতিরিক্ত তথ্য বর্গাকার বন্ধনীর মধ্যে যুক্ত করেছে।
الحمدلله القوي المتعال، والصلاة والسلام علی الضحوک القتال، نبینا محمد وعلی آله وصحبه أسد البلاغ وفرسان النزال. أما بعد:
لجنة المفوضه
প্রতিনিধিত্বশীল কমিটির প্রতি [আইএস খাওয়ারিজদের নেতৃত্ব পরিষদের সমপর্যায়ের সংস্থা]।
আপনারা কেমন আছেন? আপনাদের শরীর-স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষের সব মুজাহিদ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি, আপনারা আল্লাহর হেফাজত ও নিরাপত্তায় রয়েছেন। আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে দুটি বার্তা পৌঁছেছে। এর জবাবে আমরা জানাচ্ছি,
আমাদের পক্ষ থেকে এবং আল-সিদ্দিক অফিসের সব মুজাহিদের পক্ষ থেকে মুসলমানদের খলিফার [আইএস খাওয়ারিজদের খলিফা] প্রতি সালাম পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা তাঁকে হেফাজত করুন এবং তাঁর দেখাশোনা করুন। আমাদের পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করবেন যে, ছোট-বড় সব মুজাহিদ ইসলামী রাষ্ট্রের অনুগত সৈনিক। আল্লাহর পথে এবং কালিমার উচ্চ সমুন্নত রাখার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।
পাকিস্তান ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আমরা এখনো কোনো অগ্রগতি অর্জন করতে পারিনি। কিছু ভাইয়ের [আইএসের বন্দি সদস্যদের] মুক্তির ব্যাপারে আমরা যে দাবি জানিয়েছি, তারা সে বিষয়ে কী জবাব দেয়, তা দেখার অপেক্ষায় রয়েছি। এখন আমরা ইরান ও পাকিস্তানের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছি, যাতে তারা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হয়। আল্লাহর সাহায্যে আমরা কেরমান অভিযানের মতো তাদের সেনাদের রক্ত ঝরানোর চেষ্টা করছি।
ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ভাইদের [আইএস সদস্যদের] সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের সঙ্গে আদান-প্রদান করা বার্তাগুলো সংযুক্ত ভিডিওতে রয়েছে। অনুগ্রহ করে ভিডিওটি দেখবেন। আপনাদের পক্ষ থেকে তাদের কোনো বার্তা, মতামত কিংবা পরামর্শ পাঠানো উপযুক্ত মনে হলে আমাদের জানাবেন। আমরা তা তাদের কাছে পৌঁছে দেব। ফিলিপাইনে আমরা পাঁচ হাজার ডলার পাঠিয়েছি এবং ইন্দোনেশিয়াতেও কিছু অর্থ পাঠাব। আমরা তাদের অর্থনৈতিক কার্যক্রমে [আর্থিক সহায়তা সংগ্রহে] যুক্ত হওয়ার জন্য জোরালোভাবে উৎসাহিত করেছি। তারা কী করে, তা আমরা দেখব। তবে অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছে। পরামর্শ, পরিকল্পনা ও অর্থের ক্ষেত্রে আমাদের সামর্থ্যের মধ্যে যা কিছু রয়েছে, ইনশাআল্লাহ, আমরা তাদের কাছে পাঠাব, যাতে তারা অর্থনৈতিক কার্যক্রম শুরু করে।
মুজাহিদদের হাতে যে বন্দি রয়েছে, সে একজন প্রাপ্তবয়স্ক। তার ব্যাপারে কী হয়, তা আমরা দেখব। ইনশাআল্লাহ, তার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনাদের জানাব।
আপনাদের পক্ষ থেকে আমরা ৪৫ হাজার ডলার পেয়েছি। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
বাংলাদেশে আমাদের যেসব ভাই [আইএসের সমর্থক] রয়েছে, তাদের আমরা জিহাদি অভিযানের মাধ্যমে পরীক্ষা করতে চাই। শত্রুদের হত্যা ও রক্তপাতের কাজে তাদের নিয়োজিত করতে চাই, যাতে নিশ্চিত হতে পারি, তারা আসলেই আমাদের ভাই, নাকি শত্রুপক্ষের লোক। যদি তারা আমাদের ভাই হয়ে থাকে, তাহলে তারা শত্রুদের হত্যা করবে এবং তাদের প্রতি কোনো দয়া দেখাবে না। শুরুতে সাহস, উদ্যোগ ও সামর্থ্যের দিক থেকে দুর্বল হলেও। শত্রুরা একে অপরকে হত্যা করে না। তারা কেবল এমন একটি নাটকীয় দৃশ্য মঞ্চস্থ করে, যার কোনো গণমাধ্যম প্রচার থাকে না। তবে আল্লাহ চাইলে প্রত্যেক বিবেকবান ব্যক্তি বিষয়টি বুঝতে পারবেন।
তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া কোনো সমস্যা নয়। কিন্তু এখন পর্যন্ত একজনও আমাদের কাছে হিজরত করে আসেনি এবং তারা এখন পর্যন্ত কোনো সামরিক কার্যক্রমও পরিচালনা করেনি। ইসলামী রাষ্ট্র তাদের কাছ থেকে যা চায়, তা করার জন্য আমরা তাদের সময় দিচ্ছি।
আল-সিদ্দিক অফিস
কারি তামিম আল-কুরদি
ওপরের চিঠিতে আইএস খাওয়ারিজরা এমন কিছু কর্মকাণ্ডের কথা নিজেরাই স্বীকার করেছে, যেগুলোকে তারা অন্য জিহাদি গোষ্ঠীগুলোকে কাফির ঘোষণার কারণ হিসেবে উল্লেখ করে। নিজেদের দলে যোগ দেওয়া লোকদের ব্যাপারে তাদের গভীর অবিশ্বাসও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ বিষয়ে পরে আলোচনা করা হবে। তবে তার আগে কারি তামিম আল-কুরদি নেতৃত্ব পরিষদকে লেখা চিঠিতে যে বন্দিকে বিশেষভাবে ‘প্রাপ্তবয়স্ক’ বলে উল্লেখ করেছেন, তার পরিচয় তুলে ধরা হচ্ছে।
আল-মিরসাদের সূত্রগুলো জানিয়েছে, চিঠিতে উল্লিখিত ‘প্রাপ্তবয়স্ক’ বন্দিটি আসলে একজন শিশু, যার বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম জাফর খান। তার আদি নিবাস কান্দাহারের স্পিন বোলদাক জেলা। তবে বর্তমানে সে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটার শেখ মান্দা এলাকায় বসবাস করে।
সূত্রগুলোর দাবি, আইএস খাওয়ারিজরা প্রায় দশ মাস আগে তাকে তার এলাকা থেকে অপহরণ করে। এরপর ছদ্মনামে খোলা টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে তার পরিবারের কাছে সত্তর কোটি পাকিস্তানি রুপি মুক্তিপণ দাবি করে। আল-মিরসাদের সূত্র অনুযায়ী, জাফর খানের পরিবারের পক্ষে আইএস খাওয়ারিজদের দাবিকৃত সত্তর কোটি রুপি পরিশোধ করা সম্ভব নয়। পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে আইএস তার বাবা হাজি সালাহউদ্দিনকে শহীদ করে দেয়। বাড়ির কাছের একটি স্পোর্টস ক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে হত্যা করা হয়।
আল-মিরসাদের সূত্রের দাবি অনুযায়ী, আইএসের একজন সদস্য স্বীকার করেছেন যে, জাফর খানকে আইএসই অপহরণ করেছে। ছেলেটি নির্দোষ এবং তার পরিবারের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই, এই বিবেচনায় তিনি নেতাদের কাছে শিশুটিকে মুক্তি দেওয়ার অনুরোধও জানিয়েছেন।
আল-মিরসাদ যথাসময়ে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ছদ্মনামধারী টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারীর বার্তাগুলোর ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিও প্রকাশ করবে। ওই ব্যক্তি বার্তায় জাফর খানকে অপহরণের ঘটনাকে ‘খেলাফতের মুজাহিদ ভাইদের’ কাজ বলে বর্ণনা করেছেন।
ধারণা করা হচ্ছে, এই অপহরণ ও শিশুটির বাবাকে হত্যার ঘটনায় আইএস সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে নেতৃত্ব পরিষদও ব্যাখ্যা চেয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, জাফর খান এখনো বন্দি রয়েছে। আইএস খাওয়ারিজরা এখনো ভার্চুয়াল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থ দাবি করছে।
আল-মিরসাদের সূত্রগুলো আরও জানিয়েছে, কোয়েটার শেখ মান্দা এলাকা একসময় আইএসের একটি কেন্দ্র ছিল। আইএসের শাসনামলে ওই এলাকার বহু আইএস সদস্য নানগারহারে নিহত হয়েছিল। সূত্রগুলো আরও জানায়, গত দুই বছরে আইএস গোষ্ঠী ওই এলাকা থেকে জাফর খানসহ আরও পাঁচজনকে অপহরণ করেছে। অপহরণের পর তারা ড. মুসাওয়ারের ১৩ বছর বয়সী ছেলেকেও হত্যা করেছে।
অপহরণ আইএস-খোরাসানের অর্থ সংগ্রহের সবচেয়ে সহজ উপায়। আইএস খাওয়ারিজরা একে তাদের অর্থনৈতিক নীতির অংশ বলে অভিহিত করে। আল-সিদ্দিক অফিসের চিঠিতে অন্যান্য দেশের আইএস সদস্যদের অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার ব্যাপারে যে উৎসাহ দেওয়া হয়েছে, তা থেকে বোঝা যায়, খোরাসানি খাওয়ারিজরা নিজেদের বাস্তব অভিজ্ঞতাও তাদের কাছে পৌঁছে দেয়।
ব্যবসায়ী ও তাঁদের আত্মীয়স্বজনকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া আইএস খাওয়ারিজদের অর্থনৈতিক বিভাগের কাজ। ১৪৪৩ হিজরিতে আইএস খাওয়ারিজদের শাম প্রদেশের গভর্নর সব কর্মকর্তাকে অর্থনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করতে, নিজেরাই সেগুলো পরিচালনা করতে এবং সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে তা অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছিলেন। আইএস খাওয়ারিজরা তাদের অর্থনৈতিক বিভাগের অবৈধ কর্মকাণ্ড, যেমন অপহরণ, ব্যবসায়ীদের হুমকি দেওয়া এবং অর্থ আদায়ের জন্য তাঁদের ওপর হামলা চালানোর বিষয়গুলো যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করে। এসব কর্মকাণ্ডের দায় তারা কখনোই স্বীকার করে না।
তিন বছর আগে, ২০২৩ সালের ২৩ জুলাই, আল-মিরসাদ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে আইএস খাওয়ারিজদের একটি আনুষ্ঠানিক নির্দেশিকা সংগ্রহ করে প্রকাশ করেছিল।
পাকিস্তান ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রচেষ্টা
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আইএস খাওয়ারিজরা ইরান ও পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে চায়। অথচ এই দুই সরকারকেই তারা মুরতাদ বলে মনে করে। বিনিময়ে তারা বন্দিদের মুক্তি চায়। আইএস খাওয়ারিজদের এই প্রচেষ্টা তাদের মানহাজের দোদুল্যমানতা ও দ্বিমুখী নীতির পরিচয় বহন করে। নিজেদের প্রতিটি কর্মকাণ্ডকে তারা পরিস্থিতির দাবি বা কৌশলগত প্রয়োজন বলে চালিয়ে দেয়। অথচ অন্য কোনো জিহাদি গোষ্ঠী একই কাজ করলে তারা তাকে কুফর ও ইরতিদাদের অভিযোগে অভিযুক্ত করে।
এখানে আরেকটি বিষয় গভীরভাবে ভাবার মতো। আইএস খাওয়ারিজরা কার মাধ্যমে ইরান ও পাকিস্তানের কর্মকর্তাদের কাছে যুদ্ধবিরতি এবং নিজেদের দাবিগুলো পৌঁছে দিয়েছে? নিশ্চয়ই এমন কোনো গোয়েন্দা যোগাযোগমাধ্যম রয়েছে, যার সাহায্যে তারা নিজেদের দাবিগুলো পৌঁছে দিয়েছে।
আইএস গোয়েন্দা যোগাযোগমাধ্যমের সাহায্যে ইরান ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় কি না, তা প্রকাশ্যে ঘোষণা করা হোক বা না হোক, এখন এটা স্পষ্ট যে, স্থূল চিন্তাধারার অধিকারী এই লোকদের মানহাজ সবসময় নিজেদের খেয়ালখুশি ও প্রবৃত্তির অনুসারে পরিবর্তিত হয়।
নিজেদের সমর্থক ও সদস্যদের প্রতিও অবিশ্বাস
আল-সিদ্দিক অফিসের চিঠিতে বাংলাদেশের আইএস সদস্য ও সমর্থকদের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তারা প্রকৃতপক্ষে আন্তরিক কি না, নাকি শত্রুপক্ষের গুপ্তচর, তা নিশ্চিতভাবে জানা নেই। নিজেদের লোকদেরই গুপ্তচর মনে করার ক্ষেত্রে আইএস খাওয়ারিজদের এই সন্দেহ কেবল এই চিঠিতে সীমাবদ্ধ নয়। খাওয়ারিজরা নতুন যাকেই নিজেদের দলে অন্তর্ভুক্ত করে, তাকে কঠোর মানসিক চাপের মধ্যে রাখে এবং গুপ্তচর হিসেবে সন্দেহ করে। এর পাশাপাশি এটাও অস্বীকার করার উপায় নেই যে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো আইএসের বর্তমান নিয়োগপদ্ধতির সুযোগ নিয়ে সংগঠনটির অভ্যন্তরে ব্যাপকভাবে অনুপ্রবেশ করেছে এবং নিজেদের স্বার্থে তাদের কর্মকাণ্ডকে ব্যবহার করছে।
আল-সিদ্দিক অফিসের এই চিঠি মুসলমানদের সামনে আইএস খাওয়ারিজদের প্রকৃত চেহারা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। তাদের মানহাজ পরিচালিত হয় নিজেদের খেয়ালখুশি অনুযায়ী। অন্যদের ক্ষেত্রে যে কাজকে তারা ইরতিদাদ বলে আখ্যায়িত করে, নিজেদের ক্ষেত্রে সেটিকেই বৈধ কৌশলগত প্রয়োজন বলে চালিয়ে দেয়। নিরপরাধ মুসলমানদের অপহরণ করে আদায় করা অর্থ দিয়ে নিজেদের সংগঠনের অর্থায়ন করে। আর নেতৃত্বের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া অন্যদের কেউই নিজেদের ঘনিষ্ঠ সহযোগী ও কর্মকর্তাদের পর্যন্ত বিশ্বাস করে না।





















