কৃষি : নির্ভরশীলতা থেকে স্বনির্ভরতা ও খাদ্যনিরাপত্তার পথে
আফগানিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষি। দেশটির বিপুলসংখ্যক মানুষের আয় ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎসও এই খাত। লাখ লাখ পরিবারের, বিশেষত গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবন-জীবিকা জমি, পানি ও কৃষি উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে কৃষকদের সহযোগিতা, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনা কেবল অর্থনৈতিক বিষয় নয়; বরং খাদ্যনিরাপত্তা ও সামগ্রিক সামাজিক কল্যাণের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।
পূর্ববর্তী প্রশাসনের আমলে কৃষি খাতে কিছু কর্মসূচি বাস্তবায়িত হলেও এ খাতটি বেশ কিছু গুরুতর সমস্যায় জর্জরিত ছিল। খাদ্যপণ্যের আমদানিনির্ভরতা, পর্যাপ্ত সেচব্যবস্থার অভাব, উন্নত বীজ ও উচ্চমানের সারের সংকট, পানিসম্পদের দুর্বল ব্যবস্থাপনা এবং ধারাবাহিক খরা ছিল এমন কিছু কারণ, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। অনেক অঞ্চলের কৃষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কারিগরি পরামর্শ পাওয়ার সুযোগ ছিল না। এ ছাড়া বরাদ্দকৃত সহায়তার একটি অংশও দুর্বল ব্যবস্থাপনা ও প্রশাসনিক দুর্নীতির কারণে কার্যকরভাবে তাদের কাছে পৌঁছাত না। ফলে নিজেদের খাদ্যচাহিদার একটি অংশ পূরণের জন্য আফগানিস্তানকে আমদানির ওপর নির্ভর করতে হতো এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার মোকাবিলায় দেশটির অবস্থান ছিল দুর্বল।
ইসলামী ইমারাত ক্ষমতায় আসার পর দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য খাতে স্বনির্ভরতা অর্জনকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় কৃষকদের সহযোগিতা, গমের আবাদ সম্প্রসারণ, উন্নত বীজ বিতরণ এবং উৎপাদনপদ্ধতির উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সরকারি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আফগানিস্তানে গমের উৎপাদন প্রায় ৪.৫৪ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে। এর মধ্যে সেচের মাধ্যমে উৎপাদিত গমের পরিমাণ ৪.১৩ মিলিয়ন টনের বেশি এবং বৃষ্টিনির্ভর জমিতে উৎপাদিত গমের পরিমাণ প্রায় ৪০৪ হাজার টন। খরার কারণে বৃষ্টিনির্ভর চাষাবাদ ক্ষতিগ্রস্ত হওয়া এবং আগের বছরের তুলনায় এ পদ্ধতিতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যেও এই উৎপাদন অর্জিত হয়েছে। তা সত্ত্বেও সেচের মাধ্যমে গম উৎপাদনের ধারাবাহিকতা খাদ্য সরবরাহের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের অবস্থার উন্নয়নে মনোযোগ দেওয়াও বিশেষ গুরুত্ব বহন করে। উন্নত বীজ বিতরণ, আধুনিক কৃষিপদ্ধতির সঙ্গে পরিচিত করানোর জন্য প্রদর্শনী খামার স্থাপন, কারিগরি পরামর্শ প্রদান এবং ফলের বাগান সম্প্রসারণে সহযোগিতা এ খাতে গৃহীত কার্যক্রমগুলোর অন্তর্ভুক্ত। এসব উদ্যোগ কৃষিজমির উৎপাদনক্ষমতা বৃদ্ধি, উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারে সহায়তা করতে পারে। তবে কৃষকদের সঙ্গে সহযোগিতার উদ্যোগ তখনই টেকসই ফলাফল বয়ে আনবে, যখন উন্নত বীজ, সার, কৃষিযন্ত্র, উৎপাদিত পণ্য বিক্রির বাজার এবং পরামর্শমূলক সেবায় তাদের প্রবেশাধিকারও নিশ্চিত করা হবে।
আফগানিস্তানে কৃষির উন্নয়নের অন্যতম মৌলিক বিষয় হলো পানিসম্পদের ব্যবস্থাপনা। কারণ, দেশটির অধিকাংশ কৃষিজমি বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। ফলে খরা কৃষকদের উৎপাদনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। এ খাতে বিভিন্ন প্রদেশে চেকড্যাম ও পানি সংরক্ষণের জন্য ছোট ছোট বাঁধ নির্মাণ, ভূপৃষ্ঠের পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ পানির মজুত সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একইভাবে কুশতেপা খাল প্রকল্পও দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলোর অন্যতম। উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে কৃষির উন্নয়নে এ প্রকল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে বিস্তীর্ণ কৃষিজমি সেচব্যবস্থার আওতায় আসবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং কৃষক পরিবারগুলোর জীবনমান উন্নয়নের পথ সুগম হবে।
এতসব বাস্তব উদ্যোগ সত্ত্বেও কিছু বিরোধী গণমাধ্যম ও গোষ্ঠী দারিদ্র্য এবং খাদ্যনিরাপত্তাহীনতা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন উদ্ধৃত করে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করে যে, জনগণের খাদ্যচাহিদা পূরণে বর্তমান প্রশাসন ব্যর্থ হয়েছে। কিন্তু এ ধরনের বিশ্লেষণে প্রায়ই একটি মৌলিক বাস্তবতা উপেক্ষা করা হয়। তা হলো, আফগানিস্তানের খাদ্যনিরাপত্তাহীনতার উল্লেখযোগ্য একটি অংশ প্রশাসনিক কার্যক্রমের ব্যর্থতার ফল নয়; বরং অন্যায্য নিষেধাজ্ঞা, বিদেশি ব্যাংকে আফগানিস্তানের সম্পদ জব্দ থাকা এবং মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রত্যক্ষ পরিণতি। সম্পদ জব্দ থাকা ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইসলামী ইমারাতের প্রশাসন দেশের গম উৎপাদন এমন একটি পর্যায়ে ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের মোট চাহিদার অর্ধেকেরও বেশি পূরণ করে। এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং প্রশাসন নিজস্ব আর্থিক সম্পদ ব্যবহারের অবাধ সুযোগ পেলে উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তার উন্নয়নের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে।
সার্বিকভাবে কৃষির উন্নয়ন ও কৃষকদের সহযোগিতা আফগানিস্তানের মৌলিক প্রয়োজনগুলোর অন্যতম। গম উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ বিতরণ, ফলের বাগান সম্প্রসারণ, পানির আধার নির্মাণ এবং কুশতেপা খাল প্রকল্পের অগ্রগতি এ খাতে গৃহীত উদ্যোগগুলোর কয়েকটি মাত্র উদাহরণ।





















